জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, মানুষের দায়িত্ব শুধু পার্থিব সফলতা অর্জন নয়; বরং পরকালীন সফলতার লক্ষ্যেও কাজ করা। পাশাপাশি সমাজ ও রাষ্ট্রে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে হবে।
শনিবার (১৮ জুলাই) তিন দিনব্যাপী শিক্ষাশিবিরের সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, আল্লাহ তাআলা মানুষকে মানবকল্যাণে কাজ করার জন্য সৃষ্টি করেছেন। আল্লাহর ইবাদত এবং পৃথিবীতে তাঁর প্রতিনিধিত্বের দায়িত্ব যথাযথভাবে পালন করতে হলে সংগঠিতভাবে কাজ করা প্রয়োজন।
তিনি বলেন, জামায়াতে ইসলামীর দায়িত্বশীলদের কাঙ্ক্ষিত মানসিকতা নিয়ে দায়িত্ব পালন করতে হবে। তারা সংগঠনের মূল শক্তি। ব্যক্তিগতভাবে পরকালীন সফলতা অর্জনের জন্য কাজ করার পাশাপাশি দলগতভাবে সমাজ ও রাষ্ট্রে ন্যায়বিচার প্রতিষ্ঠার দায়িত্ব পালন করতে হবে।
তিনি আরও বলেন, সংগঠনের সাবেক দায়িত্বশীলরা এ আদর্শ প্রতিষ্ঠার সংগ্রামে জীবন উৎসর্গ করেছেন। বর্তমান নেতৃত্বকেও সেই আদর্শ অনুসরণ করে দায়িত্ব পালন করতে হবে।
সংগঠন পরিচালনায় শৃঙ্খলা ও আনুগত্যের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, শ্রম, সময়, অর্থ ও ব্যক্তিগত মতের ত্যাগের মাধ্যমে সংগঠনের সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে এবং দায়িত্বশীলদের নিজেদের আদর্শিক নেতৃত্বের দৃষ্টান্ত হিসেবে গড়ে তুলতে হবে।
শিক্ষাশিবিরে সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় তারবিয়াত বিভাগীয় কমিটির সভাপতি মাওলানা এটিএম মা’ছুম সভাপতিত্ব করেন।
এ ছাড়া সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ ও অধ্যক্ষ মো. সাহাবুদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ড. মাওলানা খলিলুর রহমান মাদানী, ড. ছামিউল হক ফারুকী এবং প্রফেসর ড. আবদুস সামাদ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
তিন দিনব্যাপী এ শিক্ষাশিবিরে অংশগ্রহণকারীরা কুরআন, বিভিন্ন গ্রন্থ এবং নির্ধারিত বিষয়ভিত্তিক গ্রুপ আলোচনায় অংশ নেন।