জুলাই শহীদ দিবস উপলক্ষে চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা। এ সময় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব বলেন, ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
বৃহস্পতিবার (১৬ জুলাই) আবু সাঈদের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বলেন, “যেসব ছাত্রলীগের সন্ত্রাসীরা এখনো পুনর্বাসনের স্বপ্ন দেখছে, আবু সাঈদের সমাধির পাশে দাঁড়িয়ে আমরা প্রতিজ্ঞা করছি—ছাত্রলীগ ও আওয়ামী লীগের প্রশ্নে কোনো আপস করা হবে না।”
রাকিবুল ইসলাম বলেন, অন্তর্বর্তী সরকারের সময় জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান-সংশ্লিষ্ট মামলাগুলোর দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানানো হলেও তা বাস্তবায়ন হয়নি। তবে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর বিচারপ্রক্রিয়া এগিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে ছাত্রদলের ১৪২ জন এবং বিএনপির প্রায় ৪০০ নেতাকর্মী প্রাণ হারিয়েছেন। পাশাপাশি গত সাড়ে ১৭ বছরে গুম ও হত্যার শিকার হওয়া নেতাকর্মীদের সব ঘটনারও বিচার দাবি করেন তিনি।
ছাত্রদল সভাপতি বলেন, শুধু জুলাই-আগস্টের নয়, অতীতে ছাত্রদলের নেতাকর্মীদের হত্যার সঙ্গে জড়িতদেরও আইনের আওতায় এনে দ্রুত বিচার সম্পন্ন করতে হবে। তিনি শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত রায় কার্যকরের কথাও উল্লেখ করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে ছাত্রদলের নেতারা আবু সাঈদের পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং তাদের সঙ্গে কিছু সময় কাটান। এ সময় কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।