আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে হলে আত্মউপলব্ধি, অনুশোচনা ও আত্মসমালোচনা করতে হবে বলে মন্তব্য করেছেন দলটির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ।
একান্ত এক সাক্ষাৎকারে সোহেল তাজ বলেন, আওয়ামী লীগ এখন পরিবারকেন্দ্রিক দলে পরিণত হয়েছে। কোনো রাজনৈতিক দল কারও ব্যক্তিগত সম্পত্তি হতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, আওয়ামী লীগের কাছ থেকে বর্তমানে তার কোনো প্রত্যাশা নেই। দলের ভেতর থেকে নিজেদের ভুল ও দুর্নীতির বিষয়টি উপলব্ধি করে তা সংশোধনের উদ্যোগ না এলে পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয়। দলটির মধ্যে এখনো সেই ধরনের আত্মউপলব্ধি দেখা যাচ্ছে না বলেও দাবি করেন তিনি।
সোহেল তাজ আরও বলেন, আওয়ামী লীগের একসময় নির্দিষ্ট নীতি ও আদর্শ ছিল। কিন্তু গত ১৫ বছরে মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্তিযুদ্ধের তাৎপর্যকে রাজনৈতিকভাবে ব্যবহার করতে গিয়ে দলটি তা ক্ষতিগ্রস্ত করেছে বলে তিনি মনে করেন।
তার ভাষায়, দলের বর্তমান অবস্থায় তিনি ভালো কিছু দেখছেন না। আওয়ামী লীগের ভবিষ্যৎ নিশ্চিত করতে হলে দলটিকে নিজেদের ভুল স্বীকার করে আত্মসমালোচনা করতে হবে এবং প্রয়োজনীয় পরিবর্তন আনতে হবে।
তিনি বলেন, অনুশোচনা ও আত্মউপলব্ধির মধ্য দিয়েই আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসার পথ তৈরি হতে পারে।