এই রাষ্ট্রের পুরো সিস্টেম কিনে ফেলার জন্য কয়েক কোটি টাকাই যথেষ্ট বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে আসিফ মাহমুদ দাবি করেন, ১১ হাজার কোটি টাকার পরিবর্তে এর এক শতাংশ, অর্থাৎ ১১০ কোটি টাকা দুর্নীতি করলেও তাঁর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক)সহ রাষ্ট্রীয় কোনো প্রতিষ্ঠান ব্যবস্থা নিত না। তাঁর ভাষ্য, ‘করাপ্টেড’ এই রাষ্ট্রব্যবস্থায় যথাস্থানে সালামি ও উপহার পাঠিয়ে দিলে হাজার হাজার অভিযোগও তদন্তের মুখোমুখি হতো না।
তিনি আরও অভিযোগ করেন, অর্থ ও প্রভাবের কারণে বড় ধরনের আর্থিক অনিয়মের পরও কিছু ব্যক্তি পার পেয়ে যান। এ প্রসঙ্গে এস আলমদের উদাহরণ টেনে তিনি বলেন, রাষ্ট্রের বিপুল অর্থ লোপাটের অভিযোগ থাকলেও অর্থের কারণে তারা টিকে যায়।
নিজের রাজনৈতিক কর্মকাণ্ডের প্রসঙ্গ তুলে আসিফ মাহমুদ বলেন, বিভিন্ন প্রভাবশালী মহলের সঙ্গে সমঝোতা না করে তিনি একাধিক কঠিন সিদ্ধান্ত নিয়েছেন। রাষ্ট্রের সার্বভৌমত্ব, নিজের নীতি ও জনকল্যাণের প্রশ্নে কখনো আপস করেননি বলেও দাবি করেন তিনি।
রাজনীতিতে সমঝোতা করে চললে হয়তো ব্যক্তিগতভাবে আরও ভালো থাকা সম্ভব হতো উল্লেখ করে তিনি বলেন, তাতে বিবেকের কাছে সারাজীবন দায়বদ্ধ থাকতে হতো। বড় ক্ষমতাবান ব্যক্তি, প্রতিষ্ঠান ও রাষ্ট্রের সঙ্গেও আপস না করার কারণে বর্তমান পরিস্থিতি তৈরি হওয়া স্বাভাবিক বলেও মন্তব্য করেন তিনি।