গণভোটের রায় বাস্তবায়ন না করে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও রংপুর-২ আসনের সংসদ সদস্য এ টি এম আজহারুল ইসলাম।
জনগণের রায় বাস্তবায়নের দাবিতে আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুর অভিমুখে লংমার্চ কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় জোট।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে সিরাজগঞ্জের হাটিকুমরুলে ন্যাশনাল ফুড ভিলেজ হোটেলের কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এ টি এম আজহারুল ইসলাম এসব কথা বলেন।
তিনি বলেন, ‘বিএনপি জনগণের রায়কে অস্বীকার করছে। তারা গণভোটের শপথ না নিয়ে জনগণের রায়ের সঙ্গে প্রতারণা করেছে।’
আজহারুল ইসলাম বলেন, জনগণের রায় বাস্তবায়নের জন্য তারা বারবার দাবি জানালেও বিএনপি নানা অজুহাতে তা কার্যকর করছে না।
তিনি বলেন, ‘জনগণের রায় বাস্তবায়নের দাবিতে আমরা সংসদ থেকে ওয়াকআউট করেছি। বারবার প্রতিবাদ জানানোর পরও সরকার আমাদের দাবিতে কর্ণপাত করছে না।’
এ টি এম আজহার আরও বলেন, এ কারণেই তারা রাজপথের কর্মসূচিতে নেমেছেন। জনগণের রায় বাস্তবায়নের দাবিতে ঢাকা থেকে রংপুর অভিমুখে লংমার্চের ঘোষণা দেওয়া হয়েছে।
তিনি আশা প্রকাশ করে বলেন, সরকার জনগণের রায়ের প্রতি সম্মান দেখিয়ে তা বাস্তবায়নে উদ্যোগ নেবে।
সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খানসহ সিরাজগঞ্জ, নাটোর ও বগুড়ার বিভিন্ন পর্যায়ের জামায়াত নেতারা উপস্থিত ছিলেন।