আওয়ামী লীগ ও ভারতের সঙ্গে গোপনে আঁতাত করে জামায়াত দেশকে অশান্ত করার চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী ও গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন। তার দাবি, জামায়াতের একের পর এক লংমার্চ কর্মসূচির ঘোষণাও সেই ষড়যন্ত্রের অংশ।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে জুমার নামাজ শেষে ঝিনাইদহ সিদ্দিকীয়া কামিল মাদরাসা প্রাঙ্গণে স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময়ের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
রাশেদ খাঁন বলেন, ভারতের পক্ষ থেকে বারবার অনুরোধ জানানো হলেও প্রধানমন্ত্রী তারেক রহমান দেশটি সফরে যাননি। তার দাবি, পলাতক শেখ হাসিনা ও শহীদ ওসমান হাদীর খুনিদের ফেরত না দেওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী ভারত সফর করবেন না।
দেশের বিদ্যুৎ ও গ্যাস সংকট প্রসঙ্গে তিনি বলেন, এটি একটি জাতীয় সমস্যা। এ সংকট সমাধানে সরকারের পাশাপাশি বিরোধী দলেরও গঠনমূলক ভূমিকা প্রয়োজন। কিন্তু বিরোধী দল গ্যাস ও বিদ্যুৎ সংকটের কথা বলে লংমার্চ করছে। লংমার্চের মাধ্যমে এসব সমস্যার কী ধরনের সমাধান হবে, সে প্রশ্নও তোলেন তিনি।
জামায়াতের সমালোচনা করে রাশেদ খাঁন বলেন, নিজেদের স্বার্থে দলটি শত্রুর সঙ্গেও আঁতাত করতে পারে। তার অভিযোগ, ভারতের সঙ্গে আঁতাত করে ডিসেম্বরে আওয়ামী লীগকে ফেরানোর অপচেষ্টা চালাচ্ছে জামায়াত। আওয়ামী লীগ ও জামায়াত আমিরের বক্তব্যের ভাষাও একই সূত্রে গাঁথা বলে মন্তব্য করেন তিনি।
প্রধানমন্ত্রীর ভারত সফর প্রসঙ্গে রাশেদ খাঁন আরও বলেন, দিল্লি সরকার তারেক রহমানকে ভারত সফরের জন্য বারবার অনুরোধ জানিয়েছে। কিন্তু প্রধানমন্ত্রী জানিয়েছেন, পলাতক শেখ হাসিনা ও শহীদ ওসমান হাদীর খুনিদের ফেরত না দেওয়া পর্যন্ত তিনি ভারত সফর করবেন না।
তিনি বলেন, একই ধরনের আমন্ত্রণ যদি জামায়াতের আমিরকে জানানো হতো, তাহলে এতদিনে তিনি দিল্লিতে অবস্থান করতেন।
এ সময় ঝিনাইদহসহ দেশের বিভিন্ন হাসপাতালের জনবল সংকট নিরসন এবং স্বাস্থ্যসেবার মান উন্নয়নে সরকারের পরিকল্পনার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।