জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত ‘আলোয় স্মৃতি সমুজ্জ্বল’ কর্মসূচিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আবেগঘন বক্তব্য দেন।
তিনি বলেন, “আমি চীনের প্রাচীর দেখিনি, আবু সাঈদের বুক দেখেছি। কীভাবে বুক চিতিয়ে গুলি খেতে হয়, সেই দৃশ্য আমি নিজ চোখে দেখেছি।” তার এই মন্তব্য অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীদের আবেগাপ্লুত করে তোলে।
বুধবার প্রথম প্রহরে জাতীয় সংগীত পরিবেশন ও শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বালনের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত অনুষ্ঠানে রিজভী বলেন, জুলাইয়ের আত্মত্যাগ শুধু ইতিহাসের একটি অধ্যায় নয়,
এটি ভবিষ্যতের গণতান্ত্রিক সংগ্রামের প্রেরণা। তিনি আরও বলেন, শহীদদের স্মৃতি জাতিকে অন্যায়ের বিরুদ্ধে সাহস জোগাবে এবং নতুন প্রজন্মকে গণতন্ত্র রক্ষার অঙ্গীকারে উদ্বুদ্ধ করবে।
রিজভী অভিযোগ করেন, স্বৈরাচারী শক্তির অবশিষ্টাংশ এখনো বিভিন্নভাবে সক্রিয় রয়েছে। তাই ছাত্রসমাজকে সবসময় সতর্ক ও জাগ্রত থাকতে হবে। তিনি জাতীয়তাবাদী ছাত্রদলের দীর্ঘ আন্দোলন-সংগ্রামের কথাও তুলে ধরে বলেন, ১৭ বছরের ত্যাগ ও নির্যাতনের ধারাবাহিকতায় জুলাই গণঅভ্যুত্থান সফল হয়েছে।
অনুষ্ঠানে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব জানান, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে এক হাজারের বেশি ছাত্র-জনতা এবং ছাত্রদলের ১৪২ জন নেতাকর্মী শহীদ হয়েছেন। তাদের আত্মত্যাগের স্মৃতি ধরে রাখতে প্রতিবছর এই কর্মসূচি পালনের ঘোষণা দেন তিনি।