নেত্রকোনা প্রতিনিধি :
নেত্রকোনার মদনে পুকুরের পানিতে ডুবে মাফি আহমেদ (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার শাহাপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মাফি উপজেলার চাঁনগাও ইউনিয়নের শাহাপুর গ্রামের রব্বানী মিয়ার ছেলে।
স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে বাড়ির উঠোনে প্রতিবেশী শিশুদের সঙ্গে খেলা করছিল মাফি। এর ফাঁকে সে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। দুপুরে গোসলের সময় তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন।
পরে বাড়ির পাশের পুকুরে তার মরদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। পরিবারের লোকজন দ্রুত তাকে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের চাচা ভুট্টো মিয়া বলেন, সকালে বাড়ির পাশেই খেলা করছিল। কখন যে পুকুরে পড়ে গেল, তা আমরা বুঝতেই পারিনি।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দীন করিম বলেন, শুনেছি মাফি নামের এক শিশু পানিতে ডুবে মারা গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।