নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সব বাধা ও ষড়যন্ত্র মোকাবিলা করে চলতি বছরই দেশে ফিরবেন। তাঁর ভাষ্য, দেশে ফেরা ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষার বিষয় নয়; এটি বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকার, গণতন্ত্র, আইনের শাসন এবং মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে সম্পর্কিত। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক ই-মেইল সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
নিজের বিরুদ্ধে দেওয়া মৃত্যুদণ্ডের রায়কে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, অসাংবিধানিক ও অবৈধ বলে দাবি করেন শেখ হাসিনা। তিনি বলেন, বিচারব্যবস্থাকে রাজনৈতিক প্রতিহিংসার হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে।
একই সঙ্গে তিনি জানান, ক্ষমতার জন্য নয়; মানুষের কল্যাণ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যেই তিনি রাজনীতি করেন। মৃত্যুকে ভয় পান না বলেও মন্তব্য করেন তিনি।
আওয়ামী লীগের সাংগঠনিক শক্তির বিষয়ে শেখ হাসিনা বলেন, দলটি জনগণের সমর্থনের ভিত্তিতেই অতীতে বহু সংকট কাটিয়ে উঠেছে এবং ভবিষ্যতেও ঘুরে দাঁড়াবে। তিনি আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, রাজনৈতিক মামলাগুলো প্রত্যাহার এবং রাজনৈতিক বন্দিদের মুক্তির দাবি জানান।
পাশাপাশি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সংখ্যালঘুদের নিরাপত্তা এবং গণতান্ত্রিক পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, জনগণের সমর্থন নিয়েই আওয়ামী লীগ আবারও দেশের উন্নয়ন ও স্থিতিশীলতার ধারায় ভূমিকা রাখতে চায়।