আওয়ামী লীগ সভাপতি ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর কখনো দেশে ফিরতে পারবেন না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি বলেছেন, ‘শেখ হাসিনা পালিয়ে গেছেন। কোনো ডিসেম্বরেই সে আর দেশে ফিরবে না।’
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে ঝিনাইদহের উজির আলী স্কুল অ্যান্ড কলেজের নবীনবরণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
রাশেদ খাঁন বলেন, আওয়ামী লীগকে ক্ষমা করার কোনো সুযোগ নেই। গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতা হারিয়ে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে চলে যান শেখ হাসিনা। এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন। গত জুলাইয়ে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে ডিসেম্বরে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের ঘোষণা দিয়েছিলেন তিনি।
এদিকে আবরার ফাহাদ হত্যা মামলা নিয়েও জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের ভূমিকার সমালোচনা করেন রাশেদ খাঁন।
তিনি অভিযোগ করেন, একদিকে জামায়াত-শিবির আবরার হত্যার প্রতিবাদ করছে, অন্যদিকে জামায়াত-সংশ্লিষ্ট আইনজীবী শিশির মনির ওই মামলার আসামিপক্ষের হয়ে আইনি লড়াই করেছেন।
রাশেদ খাঁন বলেন, ‘জামায়াত-শিবির একদিকে আবরার ফাহাদের হত্যার প্রতিবাদ করবে, আবার শিশির মনিরকে আসামিপক্ষের আইনজীবী হিসেবে কাজ করতে দেবে। এই কাজ দ্বিচারিতা।’
জুলাই গণঅভ্যুত্থানে শিশির মনিরের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তার দাবি, আন্দোলনের কঠিন সময়ে শিশির মনিরকে রাজপথে দেখা যায়নি।