পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন, সৌদির সঙ্গে অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক চায় ঢাকা।
আজ শনিবার (১০ অক্টোবর) ফরেন সার্ভিস একাডেমিতে ‘শ্রমশক্তি থেকে কৌশলগত অংশীদারিত্ব: বাংলাদেশ-সৌদি আরব সম্পর্কের নতুন বিন্যাস’ বিষয়ক সেমিনারে এ কথা বলেন তিনি।
হুমায়ুন কবির বলেন, বাংলাদেশ সৌদি আরবের সঙ্গে অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক গড়তে চায়। বাংলাদেশ চায় সৌদি আরব বাংলাদেশে বিনিয়োগ করুক। দেশটির জন্য বিনিয়োগবান্ধব পরিবেশ বাংলাদেশ তৈরি করেছে। দক্ষ ও প্রশিক্ষিত জনবল পাঠিয়ে সৌদি আরবের শ্রমবাজারে বাংলাদেশ আরও শক্ত অবস্থানে যাবে বলে আমরা আশাবাদী।
তিনি আরও বলেন, সৌদি আরবের নেতৃত্বে মক্কা চুক্তির বিষয়টি আমরা ইতিবাচক হিসেবে বিবেচনা করছি। শান্তিরক্ষা মিশনেও আমরা ভূমিকা রাখছি। মধ্যপ্রাচ্যের স্থিতিশীল অবস্থানের জন্য বাংলাদেশ ভূমিকা রাখতে চায়।
তিনি এ সময় হুঁশিয়ার করে বলেন, মক্কা-মদিনা আক্রান্ত হলে কোনো আপস হবে না। সৌদি আরব চাইলে সৈন্য পাঠাতে প্রস্তুত বাংলাদেশ। মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা রক্ষায় কাজ করতে বাংলাদেশের সেনাবাহিনী প্রস্তুত বলেও জানান তিনি।
বাংলাদেশ পররাষ্ট্রনীতির ক্ষেত্রে স্বনির্ভরতার দিকে এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান দ্রুতই সৌদি আরব সফর করবেন, এতে দুই দেশের সম্পর্ক আরও গভীর হবে বলেও উল্লেখ করেন তিনি।