মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জ পৌরসভার খালইষ্ট এলাকায় একটি ফ্ল্যাটে নারী আটকে থাকার খবর পেয়ে দরজা ভেঙে উদ্ধার অভিযান চালিয়েছে ফায়ার সার্ভিস। তবে ফ্ল্যাটের ভেতরে প্রবেশ করে কাউকে পাওয়া যায়নি। পরে জানা যায়, ওই নারী ফ্ল্যাটের দরজা বন্ধ করে এক বান্ধবীর বাসায় অবস্থান করছিলেন।
শনিবার (১০ অক্টোবর) দুপুর ১১টা ৫০ মিনিটে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে মুন্সীগঞ্জ ফায়ার স্টেশনের সেন্ট্রি পোস্টে ফোন করেন বিউটি বেগম। তিনি জানান, তাঁর মেয়ে সারিফা ইসলাম কাকলি (২১) একটি ফ্ল্যাটে আটকা পড়েছেন। ফ্ল্যাটটি পৌরসভার খালইষ্ট এলাকায় নতুন পাসপোর্ট অফিসের সামনে অবস্থিত একটি পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায়।
সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় মুন্সীগঞ্জ ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী দল। পরে প্রয়োজনীয় উদ্ধার সরঞ্জাম ব্যবহার করে ফ্ল্যাটের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন উদ্ধারকর্মীরা। সেখানে তল্লাশি চালিয়েও কাউকে পাওয়া যায়নি।
পরবর্তী সময়ে সারিফার মায়ের কাছ থেকে জানা যায়, তাঁর মেয়ে ফ্ল্যাটের দরজা বন্ধ করে এক বান্ধবীর বাসায় ছিলেন। ফলে নারী আটকে থাকার খবরের ভিত্তিতে পরিচালিত উদ্ধার অভিযান শেষে ফ্ল্যাটে কাউকে পাওয়া যায়নি।
এ বিষয়ে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম পিএফএম বলেন, কোনো ঘটনার সত্যতা নিশ্চিত না হয়ে এ ধরনের সংবাদ দেওয়া উচিত নয়। ফায়ার সার্ভিসের একটি ইউনিট অপ্রয়োজনীয়ভাবে ব্যস্ত থাকলে অন্য কোথাও অগ্নিকাণ্ড, সড়ক দুর্ঘটনা কিংবা অন্য কোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত সেবা পৌঁছানো ব্যাহত হতে পারে। এতে সরকারি সম্পদেরও অপচয় হয়।
তিনি আরও বলেন, যেকোনো জরুরি পরিস্থিতির খবর দেওয়ার আগে তথ্যের সত্যতা নিশ্চিত করা প্রয়োজন। সঠিক তথ্য দিয়ে ফায়ার সার্ভিসকে সহযোগিতা করার জন্য তিনি জনসাধারণের প্রতি আহ্বান জানান।