বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব অভিযোগ করেছেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পর ছাত্র সংগঠনগুলোর ঐক্য নষ্ট করতে একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠী ধারাবাহিকভাবে অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। সোমবার রাতে নিজের ব্যক্তিগত ফেসবুক পোস্টে তিনি এসব অভিযোগ করেন।
রাকিব দাবি করেন, গত দেড় বছরের বেশি সময় ধরে জামায়াত-শিবির সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যাচার, চরিত্রহনন ও নানা অপকৌশলের মাধ্যমে ছাত্র রাজনীতিকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তবে এর বিপরীতে ছাত্রদল সংযম বজায় রেখেছে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, দেশের বিভিন্ন জেলা ও শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদলের হাজারো নেতা-কর্মী সাংগঠনিক কার্যক্রম চালিয়ে গেলেও কোথাও বড় ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি। অথচ কিছু প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবির গোপন রাজনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। তার ভাষ্য, এসব ক্যাম্পাসে ছাত্রলীগের সাবেক নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে শিবির অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে।
রাকিব আরও বলেন, ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়, নিরাপদ ক্যাম্পাস ও ওয়েলফেয়ার পলিটিক্সে বিশ্বাসী। তিনি অভিযোগ করেন, ডুয়েটে ঘোষিত কমিটি থাকা সত্ত্বেও ছাত্রশিবির নিজেদের ব্যানারে কর্মসূচি না দিয়ে সাধারণ শিক্ষার্থীদের ব্যানার ব্যবহার করছে।
ফেসবুক পোস্টে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, গণঅভ্যুত্থানের চেতনার বিরুদ্ধে গিয়ে কেউ গুপ্ত রাজনীতি চালিয়ে যেতে পারবে না। ছাত্র ঐক্য বিনষ্টের চেষ্টা হলে ছাত্রদল কঠোর অবস্থান নেবে বলেও জানান তিনি।