নির্বাচনে জামায়াতে ইসলামীকে প্রতিহত করতে বিএনপি আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করেছিল বলে অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। তার দাবি, সেই সমঝোতার কারণেই বর্তমানে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে পারছে না বিএনপি সরকার।
শনিবার (২১ নভেম্বর) দুপুরে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে বিক্ষোভ মিছিলের আগে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি।
সাদিক কায়েম বলেন, নির্বাচনে জামায়াতকে ঠেকানোর উদ্দেশ্যে বিএনপি আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক যোগাযোগ ও সমঝোতা করেছিল। এর ফলেই এখন আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকার ব্যর্থ হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে ডাকসু ভিপি বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। তবে এই ঐক্য প্রতিষ্ঠার জন্য বিএনপিকে গণভোটের রায় মেনে নিতে হবে এবং জুলাই সনদ বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নিতে হবে।
তিনি সতর্ক করে বলেন, গণভোটের রায় ও জুলাই সনদের বাস্তবায়ন উপেক্ষা করা হলে আগামী দিনে বিএনপি সরকারকে আরও কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হতে পারে।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ ও মোবারক হোসেন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক এবং মাওলানা ইয়াছিন আরাফাত।
এ ছাড়া ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণের শুরা ও কর্মপরিষদের সদস্যসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সমাবেশে অংশ নেন।