তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া–এর স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়–এর উদ্যোগে এক শোকসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৪ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এ শোকসভা অনুষ্ঠিত হয়।
শোকসভা কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হয়। পরে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং মরহুমার রুহের মাগফিরাত কামনা করে মুনাজাত করা হয়। এরপর ‘শিক্ষা ও জাতীয় ঐক্যে খালেদা জিয়া’ শীর্ষক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপাচার্য নিয়াজ আহমদ খান।
সভাপতির বক্তব্যে উপাচার্য বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন জাতীয় ঐক্যের এক বিরল প্রতীক। গৃহিণী থেকে রাষ্ট্রনায়কে পরিণত হয়ে তিনি বহুমাত্রিক অবদানের মাধ্যমে দেশের মানুষকে একত্রিত করতে সক্ষম হয়েছেন।
তিনি আরও বলেন, মরহুমার জানাজায় সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ তার ঐক্য সৃষ্টির সক্ষমতার ঐতিহাসিক প্রমাণ। খালেদা জিয়ার জীবন ও কর্ম নিয়ে একাডেমিক গবেষণা ও প্রাতিষ্ঠানিক উদ্যোগ গ্রহণের প্রস্তাবগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে বলেও জানান তিনি।
শোকসভায় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর, সাবেক উপাচার্য, শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা বক্তব্য দেন। বক্তারা গণতন্ত্র, শিক্ষা ও নারী ক্ষমতায়নে খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ করে তার রুহের মাগফিরাত কামনা করেন।