সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় খামিস মুশাইত শহরে অবস্থিত কিং খালিদ বিমান ঘাঁটিতে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুতি গোষ্ঠী।
সোমবার (১৪ সেপ্টেম্বর) হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে এ দাবি করেন।
বিবৃতিতে তিনি বলেন, কিং খালিদ বিমান ঘাঁটির হ্যাঙ্গার, রাডার, রানওয়ে ও অস্ত্রভান্ডার লক্ষ্য করে ডজনখানেক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে হামলা চালানো হয়েছে। এতে ঘাঁটিতে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে বলেও দাবি করেছে গোষ্ঠীটি।
তবে হুতিদের এসব দাবির বিষয়ে সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। ফলে হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।
হুতিদের দাবি, ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের সাম্প্রতিক বিমান হামলার জবাব হিসেবে সৌদি ভূখণ্ডে এই হামলা চালানো হয়েছে। গত পাঁচ দিনে ইয়েমেনের বিভিন্ন এলাকায় সৌদি যুদ্ধবিমান তিন শতাধিক হামলা চালিয়েছে বলেও অভিযোগ করেছে গোষ্ঠীটি।
এদিকে হামলার খবরের মধ্যে খামিস মুশাইত এলাকায় সাময়িক সতর্কতা জারি করে সৌদি সিভিল ডিফেন্স। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার কথা জানিয়ে স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে অবস্থান এবং অপ্রয়োজনীয় ভিড় এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়।
ইয়েমেনে সামরিক অভিযান অব্যাহত থাকলে সৌদি ভূখণ্ডে হামলার মাত্রা আরও বাড়ানো হবে বলেও হুমকি দিয়েছে হুতি গোষ্ঠী।
২০১৪ সালে ইয়েমেনের রাজধানী সানা দখলের পর থেকে সৌদি নেতৃত্বাধীন জোটের সঙ্গে সংঘাতে রয়েছে হুতিরা। দীর্ঘদিন ধরে চলা এই সংঘাতের মধ্যে সাম্প্রতিক পাল্টাপাল্টি হামলায় অঞ্চলটিতে নতুন করে উত্তেজনা বেড়েছে।
সূত্র: আনাদোলু এজেন্সি
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?