মোঃআতেফ ভূঁইয়া গাজীপুর , সদর প্রতিনিধি:
গাজীপুরের পূবাইলে ৪৫ পিস ইয়াবা উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় মো. রানা (২৭) নামে আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে একই মামলায় সুজন জমাদ্দার (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছিল।
শনিবার (১২ সেপ্টেম্বর) পূবাইল থানার হায়দরাবাদ পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে রানাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার আহমদ আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, পূবাইল থানার এসআই মো. সাব্বির হোসেন ও এএসআই মো. শামসুর রহমানের নেতৃত্বে একটি দল হায়দরাবাদ পশ্চিমপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে জালাল উদ্দিনের বাড়ির সামনে পাকা সড়ক থেকে সুজন জমাদ্দারকে আটক করা হয়।
পরে তার দেহ তল্লাশি করে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হলে সুজনকে জিজ্ঞাসাবাদ করে পাওয়া তথ্যের ভিত্তিতে একই এলাকায় অভিযান চালিয়ে মামলার ২ নম্বর আসামি মো. রানাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ আরও জানায়, উদ্ধার করা ইয়াবা উপস্থিত সাক্ষীদের সামনে আইন অনুযায়ী জব্দ করা হয়েছে। মামলার পর গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানো হয়েছে।
পূবাইল থানার ওসি মো. আতিকুর রহমান বলেন, মাদকের বিরুদ্ধে পূবাইল থানা পুলিশের জিরো টলারেন্স নীতি রয়েছে। মাদক নির্মূলে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।