শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মামলার চার্জশিট আগামী ৭ জানুয়ারির মধ্যেই আদালতে দাখিল করা হবে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম।
শনিবার (২৭ ডিসেম্বর) দিবাগত রাতে রাজধানীর শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচিতে উপস্থিত হয়ে তিনি এ কথা বলেন।
আইজিপি বলেন, হাদি হত্যাকাণ্ড একটি রহস্যজনক ও পরিকল্পিত ঘটনা। প্রাথমিক তদন্তে একাধিক ব্যক্তি জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। আগামী ১০ দিনের মধ্যেই, অর্থাৎ ৭ জানুয়ারির মধ্যে মামলার চার্জশিট দেওয়া হবে।
তিনি জানান, হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত তা উদ্ঘাটনে পুলিশ, ডিবি, র্যাবসহ সব গোয়েন্দা সংস্থাকে কাজে লাগানো হয়েছে এবং তদন্তে সন্তোষজনক অগ্রগতি হয়েছে। তবে তদন্তের স্বার্থে এই মুহূর্তে সব তথ্য প্রকাশ করা সম্ভব নয়, কারণ এতে সংশ্লিষ্টরা সতর্ক হয়ে যেতে পারে।
আইজিপি বাহারুল আলম বলেন, এ পর্যন্ত এই মামলায় মোট ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি পিস্তল উদ্ধার করে বৈজ্ঞানিক পরীক্ষার জন্য সিআইডি-তে পাঠানো হয়েছে। পাশাপাশি, ঘটনার সময় ব্যবহৃত মোটরসাইকেলটি ডিবি পুলিশ উদ্ধার করেছে।
তিনি আরও জানান, তদন্তে হত্যাকাণ্ডে বিপুল অর্থ ব্যয়ের তথ্য পাওয়া গেছে এবং ২১৮ কোটি টাকার স্বাক্ষরিত একটি চেক উদ্ধার করা হয়েছে। তার ভাষায়, এটি একটি সংগঠিত হত্যাকাণ্ড এবং এর পেছনে আরও অনেকে জড়িত থাকতে পারে।
আইজিপি বলেন, তদন্তের স্বার্থে যতটুকু তথ্য প্রকাশ করা সম্ভব, ততটুকুই তিনি উপস্থিতদের জানিয়েছেন। আগামীকাল ডিবির মিডিয়া সেন্টারে ডিবির প্রধান এ বিষয়ে গণমাধ্যমকে বিস্তারিত ব্রিফ করবেন।