ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় প্রবাসীর পাঠানো স্বর্ণ ছিনতাইয়ের ঘটনায় বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতি রিপন, বিমানবন্দর থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক আল-আমিন শান্ত ও বিমানবন্দর সাংগঠনিক ইউনিট বিএনপির সভাপতি আব্দুর রউফ। গতকাল শনিবার রাত ও আজ রোববার সন্ধ্যায় পুলিশের একটি দল তাদের গ্রেফতার করে। এ ঘটনায় জড়িত আরও এক থেকে দুইজন পলাতক রয়েছে।
তাদের গ্রেফতারে বিষয়টি নিশ্চিত করে পুলিশের উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মির্জা তারেক বেগ বলেছেন, ভুক্তভোগী এক প্রবাসীর ভাইয়ের মামলায় ওই তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, গত ২৯ আগস্ট ভুক্তভোগী প্রবাসীর ভাই মো. সুমন বিমানবন্দর থানার মামলা দায়ের করেন। মামলায় বিমানবন্দর সাংগঠনিক ইউনিট বিএনপির সভাপতি আব্দুর রউফকে ১ নম্বর আসামি, বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতি রিপনকে ২ নম্বর আসামি, বিমানবন্দর থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক আল-আমিন শান্ত তিন নম্বর আসামি ও বিমানবন্দর সাংগঠনিক ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রুবেলকে চার নম্বর আসামি করা হয়েছে।
মামলার এজাহারে বাদি উল্লেখ করেন, তার বড় ভাই কাউসার মালয়েশিয়া প্রবাসী। তিনি বোনের বিবাহ ও পরিবারের ব্যবহারের জন্য মালেয়েশিয়া থেকে ২০০ গ্রাম স্বর্ণালংকার পাঠায়। বাদি ও তার বন্ধু রোহান চৌধুরীকে গত ২৮ আগস্ট রাত ৮টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তার বড় ভাইয়ের
পরিচিত লোকের কাছ থেকে স্বর্ণালংকার সংগ্রহ করে ভাড়া গাড়িতে উঠেন। পরে রাত ৮টা ৫মিনিটে বিমানবন্দর থানার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কস্থ বলাকা ভবনের বিপরীত পাশে রাস্তায় আসামিরা বলেন, ভুক্তভোগীরা আওয়ামী লীগ, ছাত্রলীগ করে এবং তাদের কাছে বোমা আছে- এই কথা বলে
এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকে। একপর্যায়ে আসামিরা তাদের কাছ থেকে ২০০ গ্রাম স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে যায়।