উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর পৌঁছেছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স। সোমবার (১৫ ডিসেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিঙ্গাপুরের চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এয়ার অ্যাম্বুলেন্সটি।
এর আগে সোমবার দুপুর ১টা ৫৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে উড্ডয়ন করে এয়ার অ্যাম্বুলেন্সটি। দীর্ঘ প্রায় চার ঘণ্টার যাত্রা শেষে এটি সিঙ্গাপুরে পৌঁছায়।
জানা গেছে, সোমবার বেলা ১১টা ২২ মিনিটে সিঙ্গাপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় পৌঁছায়। এরপর দুপুরের দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে সড়কপথে অ্যাম্বুলেন্সে করে ওসমান হাদিকে বিমানবন্দরে নেওয়া হয়।
দুপুর দেড়টার কিছু আগে তাকে বহনকারী অ্যাম্বুলেন্সটি বিমানবন্দরের ৮ নম্বর গেট দিয়ে ভেতরে প্রবেশ করে। পরবর্তীতে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে দেড়টার দিকে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে স্থানান্তর করা হয়।
ওসমান হাদির সঙ্গে সিঙ্গাপুরে গেছেন তার ভাই ওমর বিন হাদি এবং ঘনিষ্ঠ বন্ধু ও রাজনৈতিক সহযোদ্ধা আমিনুল হাসান ফয়সাল। চিকিৎসা সংশ্লিষ্ট পুরো প্রক্রিয়ায় তারা পাশে থাকবেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
চিকিৎসকরা জানিয়েছেন, ঢাকার এভারকেয়ার হাসপাতাল এবং সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের চিকিৎসকরা যৌথভাবে ওসমান হাদির শারীরিক অবস্থা মূল্যায়ন করে এই দীর্ঘ ভ্রমণের বিষয়ে সম্মতি দেন। তার চিকিৎসা সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে শুরু হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
উল্লেখ্য, গত শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে ঢাকার পল্টন এলাকায় গুলিবিদ্ধ হন ওসমান হাদি। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে পরিবারের সিদ্ধান্তে তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই তিনি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন ছিলেন।
এদিকে ওসমান হাদির দ্রুত সুস্থতার জন্য দেশজুড়ে তার সমর্থক ও শুভানুধ্যায়ীরা দোয়া ও প্রার্থনা অব্যাহত রেখেছেন।