মেয়াদ শেষ হওয়ার প্রায় ২১ মাস আগেই রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়ানোর পর আজ (রোববার) বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন। তিনি সপরিবারে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে উঠবেন। পদত্যাগের কারণ হিসেবে অসুস্থতার কথা উল্লেখ করে সাবেক রাষ্ট্রপতি জানিয়েছেন, উন্নত চিকিৎসার জন্য শিগগিরই তিনি সিঙ্গাপুর অথবা ব্যাংকক যাবেন।
সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে বিদেশে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। তার স্ত্রী রেবেকা সুলতানাও অসুস্থ হওয়ায় চিকিৎসার জন্য একসঙ্গেই বিদেশে যাবেন।
গত শুক্রবার স্পিকারের কাছে স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র পাঠানোর পর সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। ২০২৩ সালের ২৪ এপ্রিল আওয়ামী লীগের মনোনয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিয়েছিলেন মো. সাহাবুদ্দিন। তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২০২৮ সালের এপ্রিল মাসে।
এদিকে সংবিধান অনুযায়ী পদত্যাগের ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী সংসদ অধিবেশনেই এ বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করার চেষ্টা করা হবে।
ততদিন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ দায়িত্ব পালন করবেন। তিনি বঙ্গভবন থেকে রাষ্ট্রপতির দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করলেও বাস করবেন স্পিকারের সরকারি বাসভবনেই। এর মধ্য দিয়ে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে নতুন নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হলো।