পাকিস্তানের হেভি ইন্ডাস্ট্রিজ ট্যাক্সিলা (এইচআইটি)-এর চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল শাকির উল্লাহ খাত্তাকের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল বাংলাদেশ সফরে এসে রোববার সেনাসদরে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত তথ্যে জানানো হয়, সৌজন্য সাক্ষাতে উভয়পক্ষ পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা উন্নয়নে ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
এসময় আলোচনা হয়— প্রতিরক্ষা শিল্প, সামরিক প্রযুক্তি, প্রশিক্ষণ, লজিস্টিক সহায়তা এবং ভবিষ্যৎ সামরিক উৎপাদন সহযোগিতা নিয়ে। বাংলাদেশ সেনাবাহিনী আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে যে প্রচেষ্টা চালাচ্ছে, পাকিস্তানের এই প্রতিনিধি দলের সফর সেই ধারাবাহিকতার একটি অংশ বলেও উল্লেখ করা হয়েছে।
হেভি ইন্ডাস্ট্রিজ ট্যাক্সিলা পাকিস্তানের রাষ্ট্রীয় প্রতিরক্ষা উৎপাদন সংস্থা, যা সাঁজোয়া যান, ট্যাংক, যুদ্ধযানসহ বিভিন্ন সামরিক সরঞ্জাম তৈরি করে থাকে। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শাকির উল্লাহ খাত্তাক বলেন, প্রতিরক্ষা ক্ষেত্রে বাংলাদেশ দ্রুত অগ্রসর হচ্ছে এবং ভবিষ্যতে যৌথ উদ্যোগে কাজ করার সুযোগ আরও বাড়তে পারে।
অন্যদিকে, সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান প্রতিনিধি দলকে স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশের সামরিক বাহিনী আঞ্চলিক স্থিতিশীলতা, শান্তিরক্ষা মিশন এবং আধুনিক প্রতিরক্ষা কাঠামো নির্মাণে অঙ্গীকারবদ্ধ। এ সময়ে তিনি দুই দেশের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর করার ওপর জোর দেন।
সাক্ষাৎ শেষে উভয়পক্ষই আশা প্রকাশ করেন যে, প্রতিরক্ষা খাতে পারস্পরিক আস্থা, অভিজ্ঞতা বিনিময় ও প্রযুক্তিগত সহযোগিতা ভবিষ্যতে দুই দেশের সম্পর্ককে আরও শক্তিশালী করবে।
বাংলাদেশ সেনাবাহিনীর সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে আরও বলা হয়, এ ধরনের উচ্চপর্যায়ের বৈঠক দক্ষিণ এশিয়ার সামরিক ও কৌশলগত সহযোগিতাকে আরও এক ধাপ এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।