বিশেষ চাহিদাসম্পন্ন ১৫ বছর বয়সী তুর্যের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তুর্য যুব মহিলা লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শারমিন সুলতানা শর্মীর ছেলে।
তুর্যের মৃত্যুর পর তার মা শারমিন সুলতানাকে প্যারোলে মুক্তি দেওয়ার বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো বিধিনিষেধ ছিল না বলে জানিয়েছেন রাশেদ খাঁন। তবে এ বিষয়ে তার পরিবারের পক্ষ থেকে কোনো আবেদন করা হয়নি বলেও দাবি করেন তিনি।
শনিবার (২৮ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা জানান তিনি।
পোস্টে রাশেদ খাঁন লেখেন, শারমিন সুলতানার বিশেষ চাহিদাসম্পন্ন ছেলে তুর্যের মৃত্যুর ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক। মহান আল্লাহর কাছে তার জন্য জান্নাতুল ফেরদৌস কামনা করেন তিনি।
রাশেদ খাঁন উল্লেখ করেন, শারমিন সুলতানা গ্রেপ্তার হওয়ার পর তার বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানের বিষয়টি সামনে এলে সাধারণ মানুষের পাশাপাশি বিএনপির অনেক নেতাকর্মীও তার জামিনে মুক্তির দাবি জানিয়েছিলেন। তবে আওয়ামী লীগের অরাজকতা সৃষ্টির কারণে পরবর্তী সময়ে বিষয়টি আর আলোচনায় আসেনি বলে দাবি করেন তিনি। তুর্যের মৃত্যুর ঘটনায় বিএনপির অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন জানিয়ে ব্যক্তিগতভাবেও তিনি ব্যথিত বলে জানান।
শারমিন সুলতানাকে প্যারোলে মুক্তি না দেওয়ার বিষয়ে ওঠা উদ্বেগের প্রসঙ্গে রাশেদ খাঁন বলেন, বিষয়টি নিয়ে তিনি গাজীপুরের জেলা প্রশাসকের সঙ্গে কথা বলেছেন। জেলা প্রশাসক তাকে জানিয়েছেন, প্যারোলে মুক্তির জন্য শারমিন সুলতানার পরিবারের পক্ষ থেকে কোনো আবেদন বা ফোনকল করা হয়নি। এমনকি তার স্বামী কিংবা পরিবারের অন্য কেউ সন্তানের মৃত্যুর বিষয়টি জানিয়ে প্যারোলে মুক্তির আবেদন করেননি।
তিনি আরও জানান, পরিবারের পক্ষ থেকে মরদেহ কারাফটকে নেওয়ার পরও সিনিয়র জেলার বিষয়টি জেলা প্রশাসককে অবহিত করেননি। তবে কোনো আসামিকে তার পরিবারের সদস্যের মরদেহ দেখানোর আইনগত এখতিয়ার সিনিয়র জেলার রাখেন বলে পোস্টে উল্লেখ করেন তিনি।
রাশেদ খাঁনের দাবি, প্যারোলে মুক্তির বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের বাধা বা বিধিনিষেধ ছিল না। গণমাধ্যমে খবর প্রকাশের পরই বিষয়টি সবার নজরে আসে। পরিবারের পক্ষ থেকে আবেদন করার পর তা প্রত্যাখ্যান করা হলে সরকারকে দায়ী করার সুযোগ থাকত বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও লেখেন, সরকার যেখানে গোপালগঞ্জের মতো এলাকায় দমন-পীড়নের পথে না গিয়ে ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে, সেখানে সন্তানের মৃত্যুর পর একজন মাকে প্যারোলে মুক্তি দেওয়া হবে না—এমনটা হওয়ার কথা নয়। তার ভাষ্য, সরকার মানবাধিকারের প্রতিও শ্রদ্ধাশীল।
পরিবারের পক্ষ থেকে প্যারোলে মুক্তির বিষয়ে জেলা প্রশাসককে অবহিত করা হলে হয়তো এমন হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হতো না বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।