মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের দুই দিন পর রজতরেখা নদী থেকে নিখোঁজ আলমগীর হোসেনের (৪৬) মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয় লোকজন নদীতে মরদেহটি ভাসতে দেখে ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ডুবুরি দল মরদেহটি উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে। এ নিয়ে বৃহস্পতিবারের সংঘর্ষের ঘটনায় প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুইজনে।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকালে দুই পক্ষের সংঘর্ষের সময় চৈতারচর গ্রামে মেঘনার শাখা রজতরেখা নদী সাঁতরে পার হয়ে তীরে ওঠার চেষ্টা করছিলেন আলমগীর।
এ সময় তিনি নিখোঁজ হন। দুই দিন পর শনিবার সকালে নদীতে তাঁর মরদেহ ভেসে ওঠার খবর পান স্থানীয় লোকজন। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে।
পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
এর আগে বৃহস্পতিবার সকালে এলাকায় আধিপত্য বিস্তার এবং আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে মোল্লাকান্দি ইউনিয়নে বিএনপির বিবদমান আওলাদ হোসেন ও রহিম মোল্লার সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে।
প্রায় এক ঘণ্টা ধরে চলা এ সংঘর্ষে দফায় দফায় ককটেল বিস্ফোরণ ও গোলাগুলির ঘটনা ঘটে। এতে চরডুমুরিয়া গ্রামের আমিনুল ইসলামের ছেলে মো. সেলিম (৩৫) গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সংঘর্ষের সময় ককটেলের স্প্লিন্টারের আঘাতে গুরুতর আহত হয় চার বছরের শিশু আব্দুর রহিম। আশুরান গ্রামের ওই শিশুর শরীরের বিভিন্ন স্থানে ককটেল ও রাবার বুলেটের স্প্লিন্টার বিদ্ধ হয়। এতে তার পেটের একটি অংশ ফুটো হয়ে যায়। মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আতাউর রহমান জানান, শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মোল্লাকান্দি ইউনিয়নে বিএনপির রাজনীতি দীর্ঘদিন ধরে দুটি পক্ষকে ঘিরে বিভক্ত। এর এক পক্ষের নেতৃত্বে রয়েছেন ইউনিয়ন বিএনপির সভাপতি ওয়াহিদ রায়হান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আতিক মল্লিক ও ফ্রান্সপ্রবাসী বিএনপি নেতা রহিম মোল্লা।
অন্য পক্ষের নেতৃত্বে রয়েছেন সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক উজির আহমেদ এবং ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি আওলাদ হোসেন।
বিএনপির একাধিক সূত্র জানায়, আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে এক পক্ষ থেকে আওলাদ হোসেন এবং অন্য পক্ষ থেকে রহিম মোল্লার নির্বাচন করার আগ্রহ রয়েছে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। সেই বিরোধের জেরেই এলাকায় বারবার সংঘর্ষ ও সহিংসতার ঘটনা ঘটছে বলে স্থানীয়দের দাবি।
এর আগে গত ১২ নভেম্বর দুই পক্ষের লোকজন অস্ত্রশস্ত্র ও ককটেল নিয়ে কয়েক দফায় সংঘর্ষে জড়ান। ওই ঘটনায় গুলিবিদ্ধ চারজনসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। এ ছাড়া গত বছরের নভেম্বরেও দুই পক্ষের বিরোধকে কেন্দ্র করে গুলিবিদ্ধ হয়ে তিনজনের মৃত্যু হয়েছিল।
বৃহস্পতিবারের সংঘর্ষের বিষয়ে বিএনপি নেতা আওলাদ হোসেন অভিযোগ করে বলেন, গত জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে তাঁরা এলাকাছাড়া ছিলেন। প্রায় এক মাস আগে তাঁর লোকজন এলাকায় ফিরে আসেন।
এরপর থেকেই রহিম মোল্লার সমর্থকেরা তাঁদের ওপর ধারাবাহিকভাবে হামলা চালাচ্ছেন। বৃহস্পতিবার ভোরে তাঁর লোকজন নিজ নিজ বাড়িতে ঘুমিয়ে থাকা অবস্থায় রহিম মোল্লার লোকজন হামলা চালান। এতে একজন নিহত হয়েছেন, একজন নিখোঁজ হন এবং আরও অনেকে আহত হয়েছেন।
তবে এসব অভিযোগের বিষয়ে জানতে রহিম মোল্লার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। পরে তাঁর পক্ষের নেতা ও মোল্লাকান্দি ইউনিয়ন যুবদলের সভাপতি মো. জিয়াউর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, তিনি বর্তমানে এলাকায় নেই। সংঘর্ষের ঘটনা সম্পর্কেও কিছু জানেন না বলে দাবি করেন।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তসলিম উদ্দিন বলেন, এলাকায় আধিপত্য বিস্তার ও আসন্ন ইউপি নির্বাচনকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরবর্তী সহিংসতা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ ঘটনায় জড়িত একজনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি একটি আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।