অতীতের তিক্ততা ভুলে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেছেন, বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক দিন দিন আরও দৃঢ় হবে এবং দুই দেশ চিরকাল ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কে আবদ্ধ থাকবে।
পাকিস্তান সফরকালে দেশটির গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার আয়াজ সাদিকের আতিথেয়তায় মুগ্ধতা প্রকাশ করে হাফিজ উদ্দিন আহমদ বলেন, সফরকালে তিনি দেশটির প্রাদেশিক পরিষদের সদস্যদের সঙ্গেও সাক্ষাৎ করেছেন। তারা অত্যন্ত আন্তরিকতা ও সৌহার্দ্যের সঙ্গে বাংলাদেশের প্রতিনিধি দলকে আপ্যায়ন করেছেন।
দুই দেশের দ্বিপক্ষীয় আলোচনা প্রসঙ্গে স্পিকার বলেন, তাদের মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ ও যৌক্তিক বিষয়ে আলোচনা হয়েছে। আলোচনায় অতীতের তিক্ততা পেছনে ফেলে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে।
এ সময় পাকিস্তানের আতিথেয়তার ভূয়সী প্রশংসা করেন হাফিজ উদ্দিন আহমদ। সফরে সংশ্লিষ্ট সবার আন্তরিকতা ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, পাকিস্তানের আতিথেয়তা ছিল অত্যন্ত উপভোগ্য ও অতুলনীয়।
স্পিকার আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘ইনশাআল্লাহ বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার সম্পর্ক দিন দিন আরও শক্তিশালী হবে এবং দুই দেশ চিরকাল ভাই হিসেবে থাকবে।’