সজিব রেজা, দিনাজপুর প্রতিনিধি:
সর্বজনীন পেনশন স্কিমে কৃষক, শ্রমিক, ব্যবসায়ীসহ বেসরকারি খাতে কর্মরত এবং প্রাতিষ্ঠানিক সুযোগ-সুবিধার বাইরে থাকা নাগরিকরাও অংশ নিতে পারবেন বলে জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন। ১৮ থেকে ৫০ বছর বয়সি নাগরিকরা এ স্কিমে যুক্ত হয়ে ৬০ বছর বয়স থেকে নির্ধারিত হারে পেনশন পাবেন।
শনিবার (২৮ নভেম্বর) দুপুরে দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয় চত্বরে আয়োজিত সর্বজনীন পেনশন মেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, সর্বজনীন পেনশন স্কিমের আওতায় ক্ষুদ্র, মাঝারি ও বড় ব্যবসায়ীসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ যুক্ত হওয়ার সুযোগ পাবেন। সরকারের এ উদ্যোগ দিনাজপুরের প্রতিটি এলাকায় ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে সরকারি ও বেসরকারি পর্যায়ের প্রায় ৪৫টি ব্যাংকের সঙ্গে পেনশন কর্তৃপক্ষের সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
তিনি আরও বলেন, এ উদ্যোগ সফলভাবে বাস্তবায়ন করা গেলে জীবনের শেষ সময়ে দেশের অধিকাংশ মানুষ আর্থিক সচ্ছলতা ও নিরাপত্তা পাবেন। এর মাধ্যমে মানবিক বাংলাদেশ গড়ার উদ্যোগ আরও এগিয়ে যাবে।
এ সময় প্রতিবন্ধী শিশুদের শিক্ষার মান উন্নয়ন নিয়েও কথা বলেন সমাজকল্যাণমন্ত্রী। তিনি বলেন, প্রতিবন্ধী শিশুদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে দক্ষ ও প্রশিক্ষিত শিক্ষক প্রয়োজন। এ জন্য দেশের চারটি বিভাগে চারটি বিশেষায়িত কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার। বর্তমানে মিরপুরে এ ধরনের একটি কলেজ রয়েছে।
মন্ত্রী জানান, এসব কলেজের মাধ্যমে প্রতিবন্ধী শিশুদের শিক্ষাদানে দক্ষ শিক্ষক তৈরি করা হবে। পাশাপাশি দেশের প্রতিটি জেলা ও উপজেলা শহরে মানসম্মত প্রতিবন্ধী বিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। নির্ধারিত মান বজায় রেখে এসব প্রতিষ্ঠান গড়ে তোলা হবে।
দিনাজপুর স্থানীয় সরকারের উপপরিচালক শেখ হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, জাতীয়
পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ড. মো. সুরাতুজ্জামান, অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শরীফ নজরুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক মো. মোফাজ্জল হোসেন দুলাল এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস.এম. হাবিবুল হাসান প্রমুখ।