দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিনিধি
ময়মনসিংহের ধোবাউড়া ও নেত্রকোণার দুর্গাপুর সীমান্তে যৌথ বাহিনীর পৃথক পাঁচটি অভিযানে মানবপাচারকারী চক্রের পাঁচ সদস্যকে আটক করা হয়েছে। রোববার (২৯ নভেম্বর) দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে রাত ২টা পর্যন্ত মাত্র দুই ঘণ্টার ব্যবধানে এসব অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মানবপাচার ও সীমান্তকেন্দ্রিক চোরাচালানে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
রবিবার সকাল ১০টার দিকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নেত্রকোণা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক ও পরিচালক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী (পিএসসি)।
বিজিবি সূত্রে জানা গেছে, নেত্রকোণা ব্যাটালিয়নের অধীন চারুয়াপাড়া বিওপির উদ্যোগে ময়মনসিংহের ধোবাউড়া সীমান্তে চারটি পৃথক যৌথ অভিযান চালানো হয়। সীমান্ত পিলার ১১৪২/৩-এস থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গাছুয়াপাড়া এলাকায় এসব অভিযান পরিচালিত হয়।
এতে বিজিবির পাশাপাশি পুলিশ ও আনসার সদস্যরা অংশ নেন। এ সময় স্থানীয় প্রশাসনের পক্ষে উপস্থিত ছিলেন ধোবাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।
অভিযানে চার মানবপাচারকারীকে আটক করা হয়। তারা হলেন ধোবাউড়া থানার চারুয়াপাড়া ডাকঘরের গোবরচুনা গ্রামের নুরুল ইসলামের ছেলে মো. রুবেল হোসেন এবং একই গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে এনামুল হক (৩৩), মো. আনোয়ার হোসেন (৩০) ও মো. আজহারুল ইসলাম (২৭)। আটক রুবেল হোসেনের বিরুদ্ধে আগের তিনটি মামলা রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
অন্যদিকে, নেত্রকোণার দুর্গাপুর সীমান্তে বিজয়পুর বিওপি ও পুলিশের সমন্বয়ে আরেকটি যৌথ অভিযান পরিচালিত হয়। রাত সাড়ে ১২টা থেকে রাত ২টা পর্যন্ত সীমান্ত পিলার ১১৪৯/এমপি থেকে প্রায় এক
কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে জগতকুড়া এলাকায় অভিযান চালিয়ে মো. হারুন মিয়া (৪২) নামে একজনকে আটক করা হয়। তিনি দুর্গাপুর থানার রাণীখং ডাকঘরের জগৎকুড়া গ্রামের মৃত জহুর আলীর ছেলে। তার বিরুদ্ধেও আগের তিনটি মামলা রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বিজিবির দাবি, আটক পাঁচজন মানবপাচারের পাশাপাশি সীমান্তকেন্দ্রিক চোরাচালানের সঙ্গেও জড়িত। অভিযান শেষে আটক চারজনকে ধোবাউড়া থানা-পুলিশের কাছে এবং হারুন মিয়াকে দুর্গাপুর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে ৩১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী জানান, বাংলাদেশের সীমান্ত দিয়ে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যাতে অবৈধভাবে প্রবেশ কিংবা বের হতে না পারে, সে বিষয়ে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
দেশের সার্বভৌমত্ব রক্ষা, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের জানমালের সুরক্ষায় বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।