মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডিবি পুলিশ পরিচয়ে পণ্যবাহী কাভার্ডভ্যান ছিনতাইয়ের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। তাঁদের কাছ থেকে ডাকাতিতে ব্যবহৃত দুটি নোহা গাড়ি, লুণ্ঠিত কাভার্ডভ্যানসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা সরঞ্জামের মধ্যে রয়েছে সাংবাদিক লেখা প্রেস স্টিকার, জরুরি চিকিৎসক লেখা স্টিকার, টর্চলাইট, লাঠি ও জেনারেটর লাইট।
শুক্রবার (২৭ নভেম্বর) জেলা পুলিশের বিশেষ অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে জেলা পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, আরপি এন্টারপ্রাইজের মালিকের প্রতিষ্ঠান থেকে বিভিন্ন সময়ে চট্টগ্রাম থেকে ঢাকায় পণ্য পরিবহন করা হয়। এরই অংশ হিসেবে গত ১৮ নভেম্বর রাত ১০টার দিকে ৩০০ বস্তা প্লাস্টিক দানা নিয়ে একটি কাভার্ডভ্যান চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়। ঢাকা মেট্রো-ন-২০-১৫২৬ নম্বরের নীল ও সবুজ রঙের গাড়িটিতে থাকা পণ্যের আনুমানিক বাজারমূল্য ছিল ২০ লাখ ৪০ হাজার টাকা।
পরদিন ১৯ নভেম্বর ভোর ৪টা থেকে ৫টার মধ্যে কাভার্ডভ্যানটি গজারিয়ার বালুয়াকান্দি এলাকার ভূঁইয়া পাম্পের বিপরীত পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি সেতুর টোল প্লাজা অতিক্রম করে। এ সময় একটি সাদা রঙের টয়োটা নোহা গাড়িতে থাকা চার ব্যক্তি নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে চালককে গাড়ি থামানোর সংকেত দেন।
চালক গাড়ি থামানোর পর তাঁকে মারধর করা হয়। গাড়িতে মাদকদ্রব্য রয়েছে বলে ভয়ভীতি দেখিয়ে তাঁর মোবাইল ফোন, গাড়ির চাবি ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে নেয় ডাকাত দলের সদস্যরা। একপর্যায়ে চালককে নোহা গাড়িতে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে, দলের একজন সদস্য কাভার্ডভ্যানটি নিয়ে পেছনে অবস্থান করেন।
পরে চালককে সঙ্গে নিয়ে ডাকাত দলের সদস্যরা কুমিল্লার একটি নির্জন স্থানে পৌঁছে তাঁকে নামিয়ে দিয়ে পালিয়ে যায়। এ সময় ডাকাতেরা ২৯ লাখ টাকা মূল্যের কাভার্ডভ্যান ও এর ভেতরে থাকা ২০ লাখ ৪০ হাজার টাকার প্লাস্টিক দানা নিয়ে যায়।
এ ঘটনায় ভুক্তভোগী প্রতিষ্ঠানের মালিকের অভিযোগের ভিত্তিতে গজারিয়া থানায় ডাকাতির মামলা করা হয়। এরপর পুলিশ সুপার মো. বদরুদ্দোজার নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার ইমরান আহমেদ পিপিএম (সদর সার্কেল) এবং গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার আহমেদের নেতৃত্বে তদন্ত ও অভিযান শুরু করে পুলিশ। তথ্যপ্রযুক্তি ও পুলিশের বিশেষ কৌশল কাজে লাগিয়ে শুক্রবার চারজনকে গ্রেপ্তার করা হয়।
অভিযানে তাঁদের হেফাজত থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দুটি নোহা গাড়ি, লুট হওয়া নীল ও সবুজ রঙের কাভার্ডভ্যান, একটি জেনারেটর লাইট, সাংবাদিক লেখা প্রেস স্টিকার, জরুরি চিকিৎসক লেখা স্টিকার, ১৫টি ছোট টর্চলাইট এবং ১২টি লাঠি উদ্ধার করা হয়েছে।
জেলা পুলিশের ভাষ্য অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা বিভিন্ন সময়ে পুলিশ, ডিবি পুলিশ ও র্যাব পরিচয়ে ডাকাতি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার কথা জানিয়েছেন। এ ঘটনায় তাঁদের সঙ্গে আরও দুই থেকে তিনজনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তাঁদের কাছেও লুণ্ঠিত মালামাল রয়েছে বলে ধারণা করছে পুলিশ। বাকি জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও লুট হওয়া মালামাল উদ্ধারে অভিযান চলছে।
পুলিশ আরও জানায়, মামলার বাদী প্রথমে চারজনের সম্পৃক্ততার কথা উল্লেখ করে অভিযোগ করেন। তবে তদন্তে আরও কয়েকজনের সংশ্লিষ্টতার তথ্য উঠে আসায় মামলাটি দণ্ডবিধির ৩৯৫ ও ৩৯৭ ধারায় ডাকাতির মামলায় রূপান্তর করা হয়েছে।