আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষা এবং সুষ্ঠু ভোট আয়োজনের ক্ষেত্রে নির্বাচন কমিশনকে (ইসি) সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা করবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
তিনি বলেন, দেশের স্থিতিশীলতা রক্ষা, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং নির্বাচনকে শান্তিপূর্ণ করতে সেনাবাহিনী সর্বোচ্চ দায়িত্বশীলতা নিয়ে মাঠে থাকবে।
রোববার (২৩ নভেম্বর) সকালে ঢাকার সেনানিবাসে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সেনাপ্রধান এ কথা জানান। তিনি বলেন, “নির্বাচন একটি জাতীয় প্রক্রিয়া। এই প্রক্রিয়াকে সফল করতে নির্বাচন কমিশন যে দায়িত্ব নিয়ে কাজ করছে, সেনাবাহিনী তাদের প্রতি পদক্ষেপে সহযোগিতা করবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন স্বাভাবিক থাকে—সেজন্য আমাদের প্রস্তুতি সম্পূর্ণ।”
তিনি আরও বলেন, সেনাবাহিনী সবসময় সংবিধানিক দায়িত্ব পালন করে এসেছে এবং ভবিষ্যতেও একইভাবে দায়িত্ব পালন করবে। দেশের প্রতিটি জায়গায় শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে তৎপরতা বাড়ানো হবে বলেও জানান তিনি।
জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, “আমাদের সৈনিকরা পেশাদারিত্ব বজায় রেখে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে। কোথাও কোনো অস্থিতিশীলতা সৃষ্টি হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।” তিনি আরও যোগ করেন, সাইবার নিরাপত্তা, গুরুত্বপূর্ণ স্থাপনা এবং সীমান্ত এলাকাতেও নজরদারি বাড়ানো হয়েছে।
সেনাপ্রধান জানান, নির্বাচনসহ চলমান বিভিন্ন জাতীয় দায়িত্বে সেনাবাহিনী নিয়মিতভাবে অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় করছে। বিশেষ করে নির্বাচনকালে মাঠ প্রশাসন, পুলিশ, বিজিবি ও র্যাবের সঙ্গে যৌথভাবে দায়িত্ব পালনের প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে।
তিনি আশা প্রকাশ করেন, দেশের মানুষ শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে এবং সেনাবাহিনীর সহযোগিতায় নির্বাচন একটি স্বচ্ছ, গ্রহণযোগ্য ও নিরাপদ পরিবেশে অনুষ্ঠিত হবে।