জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারতের কাছে আবারও চিঠি পাঠানো হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
সোমবার (১৭ নভেম্বর) সচিবালয়ে রায় ঘোষণার পর সাংবাদিকদের তিনি বলেন, “আমরা শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য ভারতের কাছে নতুন করে চিঠি পাঠাব। ভারত যদি এই গণহত্যাকারীকে আশ্রয় দেওয়া অব্যাহত রাখে, তাহলে সেটা বাংলাদেশের রাষ্ট্র ও জনগণের বিরুদ্ধে শত্রুতা এবং নিন্দনীয় আচরণ হিসেবেই বিবেচিত হবে।”
আইন উপদেষ্টা বলেন, “আজকের রায়ের মাধ্যমে একটি বিচার সম্পন্ন হলো। ইনশাল্লাহ যতদিন আমরা দায়িত্বে আছি, বিচার কার্যক্রম পূর্ণ গতিতে চলবে।” তিনি আশা প্রকাশ করেন ভবিষ্যতে যে সরকারই ক্ষমতায় আসুক না কেন, এই বিচার প্রক্রিয়ার গুরুদায়িত্ব থেকে পিছিয়ে আসবে না।
রায়ের প্রতি প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি বলেন, “আজ জুলাই গণঅভ্যুত্থানের আরেকটি বিজয়ের দিন। যারা সেই আন্দোলনে প্রাণ দিয়েছিলেন—আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিম, ইয়ামিন, আনাসসহ সকল শহিদের আত্মা আজ কিছুটা হলেও শান্তি পাবে।”
তিনি আরও বলেন, “জুলাই গণঅভ্যুত্থানে শত শত মানুষ নিহত হয়েছে, হাজারো মানুষ গুরুতর আহত হয়েছে—এই নৃশংসতার দায় শেখ হাসিনার ওপর সুস্পষ্টভাবে প্রতিষ্ঠিত। তার বিরুদ্ধে যে বিস্তৃত ও শক্ত প্রমাণ রয়েছে, তা বিশ্বের যেকোনো আদালতেই সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করত।”
এ সময় তিনি উল্লেখ করেন, একই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।
আইন উপদেষ্টা শেষে বলেন, “ব্যক্তিগতভাবে আমি রায়ে সন্তুষ্ট। এটি বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক দিন—এই মাটিতে ন্যায়বিচার প্রতিষ্ঠার এক অনন্য উদাহরণ।”