দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬ দশমিক ৩৫ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২০২৪ সালের আগস্টে রিজার্ভের পরিমাণ ছিল ২৫ দশমিক ৯০ বিলিয়ন ডলার।
বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ এনামুল হকের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ব্যাংকের ২০২৬ সালের ১৯ অক্টোবরের হিসাব অনুযায়ী দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ প্রায় ৩৬ দশমিক ৩৫ বিলিয়ন মার্কিন ডলার। অন্যদিকে, ২০২৪ সালের ৮ আগস্ট বাংলাদেশ ব্যাংকের সাপ্তাহিক হিসাব অনুযায়ী রিজার্ভ ছিল ২৫ দশমিক ৯০ বিলিয়ন ডলার।
অর্থাৎ ওই সময়ের তুলনায় বর্তমানে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে।
ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে বিকেল সোয়া ৪টায় সংসদের অধিবেশন শুরু হয়। অধিবেশনের প্রথম ৩০ মিনিট প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বের জন্য নির্ধারিত ছিল।
উল্লেখ্য, গত ৯ নভেম্বর জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হয়। সংক্ষিপ্ত এ অধিবেশন প্রধানমন্ত্রীর সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।