ভারত থেকে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে বন্দি বিনিময় চুক্তির প্রক্রিয়া অনুসরণ করতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান।
মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
তথ্য উপদেষ্টা বলেন, সরকার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে চায়। তিনি সাজাপ্রাপ্ত অপরাধী হওয়ায় তার ক্ষেত্রে অনেক মৌলিক মানবাধিকারের বিষয় কার্যকর হবে না বলে মন্তব্য করেন তিনি। তবে তাকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে কোন প্রক্রিয়া অনুসরণ করা হবে, সেটিই গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই তাকে ফিরিয়ে আনতে হবে।
ব্রিফিংয়ে দেশের খাদ্য মজুদ পরিস্থিতি নিয়েও কথা বলেন জাহেদ উর রহমান। তিনি জানান, অতীতের যেকোনো সময়ের তুলনায় বর্তমানে দেশে খাদ্য মজুদের পরিমাণ বেশি রয়েছে।
এ ছাড়া গার্মেন্টস শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত করা হবে বলেও জানান তিনি।
বাসে অগ্নিসংযোগসহ বিভিন্ন সহিংসতার ঘটনা প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, এসব ঘটনায় জড়িতদের অর্থায়ন এখনো বন্ধ হয়নি। তবে সরকার দ্রুত তাদের আইনের আওতায় আনবে।