জাতীয় সংলাপ করতে হলে আওয়ামী লীগকেও আলোচনার টেবিলে রাখতে হবে বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বলেছেন, আওয়ামী লীগকে বাদ দিয়ে কোনো আলোচনা হতে পারে, তবে সেটিকে জাতীয় সংলাপ বলা যাবে না।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে বেসরকারি টেলিভিশন চ্যানেল ২৪-এর একটি টকশোতে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।
রুমিন ফারহানা বলেন, দেশের একটি বড় জনগোষ্ঠী আওয়ামী লীগের সমর্থক। তাদের আলোচনার বাইরে রেখে জাতীয় সংলাপ আয়োজন করলে তা পূর্ণাঙ্গ হবে না। আওয়ামী লীগকে আলোচনার টেবিলে এনে ন্যায়বিচার নিশ্চিত করার পাশাপাশি তাদের কর্মকাণ্ড নিয়ে জবাবদিহির মুখোমুখি করা প্রয়োজন।
আওয়ামী লীগ ক্ষমা চাইবে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দলটি ক্ষমা চাইবে কি না, তা তিনি জানেন না। তবে তিনি আওয়ামী লীগ হলে ক্ষমা চাইতেন না। তার ভাষ্য, অন্য কেউ তার চেয়ে ভালো শাসন দিতে পারলে তবেই ক্ষমা চাওয়ার প্রশ্ন আসত।
দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে রুমিন বলেন, সামনে কী ঘটবে, তা এখনই স্পষ্ট নয়। আগামী জানুয়ারির মধ্যে অনেক কিছু পরিষ্কার হতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন।
এ সময় রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্ব ও বিভাজন নিয়েও উদ্বেগ জানান তিনি। রাজনীতিবিদদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও আলোচনার পরিবেশ ফিরিয়ে আনার ওপর গুরুত্বারোপ করেন এই সংসদ সদস্য।