আওয়ামী লীগ বাংলাদেশে গণতান্ত্রিকভাবে রাজনীতি করার বৈধতা হারিয়েছে এবং দলটি ভবিষ্যতে আর রাজনীতি করতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বুধবার (১৮ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে স্বরাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন, আওয়ামী লীগ গত ১৫-১৬ বছর দেশে অগণতান্ত্রিক শাসন চালিয়েছে এবং গণহত্যা, গুম, নির্যাতন, অগ্নিসংযোগ ও সহিংসতার মাধ্যমে রাজনৈতিক বৈধতা হারিয়েছে।
তিনি আরও অভিযোগ করেন, দলটির সাবেক মন্ত্রী-এমপি ও নেতাকর্মীরা দেশের বাইরে থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও বার্তার মাধ্যমে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির উসকানি দিচ্ছেন। গ্রামে গ্রামে আগুন দেওয়ার নির্দেশনা দেওয়ার অভিযোগও করেন তিনি।
সাম্প্রতিক সময়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, সংসদ সদস্যের বাড়িতে আক্রমণ এবং বিএনপি নেতাকর্মীদের ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার ঘটনাকে আওয়ামী লীগের রাজনৈতিক চরিত্রের বহিঃপ্রকাশ বলে উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, সরকার গণতান্ত্রিক পদ্ধতিতে দেশ পরিচালনায় বিশ্বাসী। শান্তিপূর্ণ আন্দোলনে গুলি চালিয়ে মানুষ হত্যা করা হবে না। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা হলে আত্মরক্ষার্থে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, টুঙ্গিপাড়া থানায় হামলার ঘটনায় ভিডিও ফুটেজ ও অডিও রেকর্ড সংগ্রহ করা হয়েছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। কোনো ধরনের নৈরাজ্য ও সহিংসতা সরকার বরদাস্ত করবে না বলেও কঠোর হুঁশিয়ারি দেন তিনি।