মিছিলে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি থাকলেও মিছিল শেষে দলীয় কার্যালয়ের শূন্যতা এবং দলীয় কার্যালয়ের তুলনায় এমপি-মন্ত্রীদের বাসভবন ও মন্ত্রণালয়ে নেতাকর্মীদের ভিড় দেখে সরকারে থাকা রাজনৈতিক দলকে সাংগঠনিক ও রাজনৈতিকভাবে শক্তিশালী মনে করার কোনো কারণ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সাবেক কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক ডাকসু ছাত্রদল সভাপতি হাসান মামুন।
বুধবার (১৮ নভেম্বর) নিজের ফেসবুক পোস্টে তিনি এসব মন্তব্য করেন। পোস্টে সরকার ও বিএনপির সাংগঠনিক দুর্বলতা, রাজনৈতিক কৌশল, প্রশাসনের প্রতি আস্থা এবং নেতাকর্মীদের মধ্যে ঐক্যের অভাব নিয়ে বিস্তারিত বিশ্লেষণ তুলে ধরেন তিনি।
হাসান মামুনের মতে, একটি রাজনৈতিক দলের প্রকৃত সাংগঠনিক শক্তি নির্ভর করে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত নেতাকর্মীদের দৃঢ় ঐক্য, জনগণের কাছে সততা ও নৈতিকতার ভাবমূর্তি প্রতিষ্ঠা, দেশ ও জাতির জন্য নতুন স্বপ্ন তৈরি এবং দলের অভ্যন্তরে ন্যায়বিচার নিশ্চিত করার ওপর। পাশাপাশি জনগণের কাছে গ্রহণযোগ্য ও শক্তিশালী রাজনৈতিক বক্তব্য থাকাও জরুরি।
তিনি বলেন, পতিত রাজনৈতিক শক্তিকে রাজনৈতিকভাবে মোকাবিলার জন্য সরকারের পাশাপাশি ছাত্র গণঅভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক ও সামাজিক শক্তিগুলোর বৃহত্তর ঐক্য প্রয়োজন ছিল। কিন্তু সরকারি দল, তাদের রাজনৈতিক মিত্র ও গণঅভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোর মধ্যে সেই ঐক্য ও শক্তিশালী রাজনৈতিক বক্তব্যের উপস্থিতি নেই।
পোস্টে তিনি আরও উল্লেখ করেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্র গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগবিরোধী যে সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলন গড়ে উঠেছিল, প্রয়োজনীয় রাজনৈতিক উদ্যোগ ও আন্তরিকতার অভাবে সেই সামাজিক শক্তির অস্তিত্ব এখন অনেকটাই বিলুপ্ত হয়েছে। এনসিপি নেতাদের হটকারিতা, নির্বাচন-পরবর্তী জামায়াতের রাজনৈতিক অবস্থান এবং সরকারের সিদ্ধান্ত গ্রহণ ও অগ্রাধিকার নির্ধারণে ভুলের কারণে পরিস্থিতি আরও জটিল হয়েছে বলে তিনি মনে করেন।
সরকারের সবচেয়ে বড় দুর্বলতা হিসেবে সিভিল ও পুলিশ প্রশাসনের মধ্যে আস্থা ও নির্ভরশীলতা তৈরি করতে না পারার বিষয়টি তুলে ধরেন হাসান মামুন। তাঁর ভাষ্য, স্বার্থান্বেষী ট্যাগিং, দলীয় আনুগত্যের পরিবর্তে ব্যক্তির প্রতি আনুগত্য এবং অর্থনৈতিক লেনদেনের অভিযোগ প্রশাসনের মধ্যে হতাশা তৈরি করেছে। ফলে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেও বিভিন্ন ক্ষেত্রে সরকার ও দলের আত্মবিশ্বাস প্রশ্নের মুখে পড়েছে।
তিনি আশঙ্কা প্রকাশ করেন, একদিকে আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মসূচি, অন্যদিকে প্রশাসনের দুর্বলতা এবং সুযোগসন্ধানী ও লুটপাটে জড়িত নেতাকর্মীদের ভিড়ে ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের মাঠ ছেড়ে যাওয়ার প্রবণতা সরকার ও বিএনপিকে ঝুঁকির মধ্যে ফেলতে পারে।
এ পরিস্থিতি থেকে উত্তরণে সরকার ও বিএনপিকে নেতাকর্মীদের মধ্যে দৃঢ় ঐক্য গড়ে তোলা, গ্রহণযোগ্য রাজনৈতিক অবস্থান তৈরি এবং বৃহত্তর রাজনৈতিক শক্তি গঠনের আহ্বান জানান তিনি। তাঁর মতে, শুধু প্রশাসনিক শক্তির ওপর নির্ভর না করে রাজনৈতিক শক্তি দিয়েও আওয়ামী লীগকে মোকাবিলা করতে হবে। শক্তির জবাবে শক্তি প্রদর্শনের পাশাপাশি এর পক্ষে জনগণের সামনে গ্রহণযোগ্য রাজনৈতিক বয়ান তুলে ধরার কৌশলও প্রয়োজন।
সবশেষে সরকারের এমপি-মন্ত্রীদের দৃশ্যমান অনিয়ম ও দুর্নীতি দূর করে জনগণের কাছে স্বচ্ছ ও গ্রহণযোগ্য ভাবমূর্তি পুনরুদ্ধারের ওপর গুরুত্বারোপ করেন হাসান মামুন। তিনি সতর্ক করে বলেন, জনগণ সরকারের বিপক্ষে চলে গেলে রাজনৈতিক প্রতিপক্ষের যেকোনো অগ্রহণযোগ্য কর্মকাণ্ডও রাজনৈতিক জনপ্রিয়তা পেয়ে সরকারকে বিপদে ফেলতে পারে।
সরকার ও দলের নীতিনির্ধারকদের মধ্যে এই উপলব্ধি যত দ্রুত তৈরি হবে, সরকার, সরকারি দল এবং দেশ ও জাতির জন্য তত দ্রুত মঙ্গল বয়ে আনবে বলে মন্তব্য করেন তিনি।