কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের রাজপথে না আসার হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন। তিনি বলেছেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতি দক্ষিণ যুবদলের নেতাকর্মীদের মানবিকতার দরজা বন্ধ হয়ে গেছে।
বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে আয়োজিত ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের বিক্ষোভ মিছিলে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশে নয়ন বলেন, অন্তত ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের এলাকায় যেন তারা আর রাস্তায় না বের হন। বের হলে তাদের ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
তিনি আরও বলেন, কয়েকজনকে আটকের পর তিনি ছাড়িয়ে দিয়েছেন। তবে রাতের অন্ধকারে যারা অগ্নিসংযোগ করতে আসবে, তারা ধরা পড়বে।
এ সময় আওয়ামী লীগ সরকারের আমলে আওয়ামী লীগ এবং বর্তমান সময়ে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে নিজেদের নিরাপদ রাখার চেষ্টা করা ব্যক্তিদেরও সমালোচনা করেন যুবদলের এই নেতা।
তার দাবি, স্বৈরাচারী শেখ হাসিনার দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দেশের মানুষের মধ্যে তীব্র ক্ষোভ রয়েছে।