স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, আগামী ১৩ নভেম্বরকে কেন্দ্র করে সারাদেশে শক্ত অবস্থান নিতে ইতোমধ্যে টহল ও নিরাপত্তা জোরদার করা হয়েছে। কেপিআই (Key Point Installation) এলাকাগুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে এবং অগ্নিসংযোগ প্রতিরোধে খোলা তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন,
“সন্ত্রাসীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। আগামী ১৩ তারিখকে ঘিরে আমাদের কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। সন্দেহভাজন কাউকে দেখলেই সবাই যেন সঙ্গে সঙ্গে পুলিশকে জানান।”
তিনি আরও বলেন,
“আমাদের নির্বাচনের প্রস্তুতি এখন মোটামুটি সন্তোষজনক পর্যায়ে আছে। প্রস্তুতি সম্পন্ন হলে একটি মহড়া আয়োজন করা হবে। সরকার ১৩ তারিখের আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে শক্ত অবস্থানে রয়েছে। রাস্তার পাশে পেট্রোলসহ সব ধরনের জ্বালানি বিক্রি বন্ধ থাকবে।”
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সম্প্রতি ভৈরবে রেল ও বাসে আগুন দেওয়ার ঘটনাগুলো দুষ্কৃতিকারীদের কাজ, যাদের উদ্দেশ্য দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করা। এসব অপরাধীদের শনাক্ত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন,
“দেশে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সরকারের সকল সংস্থা সমন্বিতভাবে কাজ করছে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।”