বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে পাকিস্তান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছেন। রবিবার (৯ নভেম্বর) সকালে সেনা সদর দফতরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সাক্ষাৎকালে দুই দেশের শীর্ষ সামরিক কর্মকর্তারা পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি প্রতিরক্ষা খাতে সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা করেন। উভয় পক্ষই ভবিষ্যতে সামরিক সক্ষমতা বৃদ্ধি ও কৌশলগত সহযোগিতা সম্প্রসারণের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
আলোচনায় যৌথ সামরিক প্রশিক্ষণ, সেমিনার আয়োজন, উচ্চপদস্থ কর্মকর্তাদের পরিদর্শন এবং অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে দুই দেশের সশস্ত্র বাহিনীর সম্পর্ক আরও দৃঢ় করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। অ্যাডমিরাল নাভিদ আশরাফ বাংলাদেশের প্রতিরক্ষা খাতে পেশাদারিত্বের প্রশংসা করেন এবং উভয় দেশের সামরিক বন্ধুত্ব আরও গভীর হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও উল্লেখ করেন, ২০২৫ সালের ফেব্রুয়ারিতে করাচি ও উত্তর আরব সাগরে অনুষ্ঠিত যৌথ আন্তর্জাতিক সামরিক মহড়া “এএমএএন”-এ বাংলাদেশের অংশগ্রহণ প্রশংসনীয় ছিল। তিনি বাংলাদেশের অংশগ্রহণকারীদের পেশাদারিত্ব ও দক্ষতার ভূয়সী প্রশংসা করেন।
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান পাকিস্তান নৌবাহিনী প্রধানকে স্বাগত জানিয়ে বলেন, দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে আঞ্চলিক সামরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে প্রতিরক্ষা ক্ষেত্রে পারস্পরিক বোঝাপড়া ও আস্থা আরও বৃদ্ধি পাবে।
সাক্ষাৎ শেষে উভয় পক্ষই দুই দেশের সশস্ত্র বাহিনীর ঐতিহ্যবাহী বন্ধুত্ব ও সহযোগিতা আরও জোরদারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।