জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর সিদ্ধান্তের সমালোচনা করে এটিকে গণমানুষের ওপর সরাসরি জুলুম বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম।
সোমবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
সাদিক কায়েম বলেন, আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, বিশ্ববাজারে গত চার কার্যদিবস ধরে অপরিশোধিত তেলের দাম কমছে। এর মধ্যে সোমবারই প্রতি ব্যারেলে প্রায় দুই ডলার করে দাম কমেছে। এমন পরিস্থিতিতে বিশেষজ্ঞ, ভোক্তা ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে কার্যকর পরামর্শ বা গণশুনানি ছাড়াই জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ানো হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
তিনি বলেন, জ্বালানি তেলের দামের সঙ্গে দেশের অর্থনীতি, পরিবহন ব্যয় এবং মানুষের দৈনন্দিন জীবনযাত্রার খরচ সরাসরি সম্পর্কিত। ফলে জ্বালানির দাম বাড়লে এর প্রভাব নিত্যপ্রয়োজনীয় পণ্য ও সেবার ওপরও পড়ে।
সরকারের সমালোচনা করে সাদিক কায়েম অভিযোগ করেন, দুর্নীতি ও চাঁদাবাজির কারণে স্বল্প, নিম্ন ও মধ্যম আয়ের মানুষ এমনিতেই চাপের মধ্যে রয়েছে। এর মধ্যে জ্বালানি তেলের দাম বাড়ানো সাধারণ মানুষের জীবনযাত্রাকে আরও কঠিন করে তুলবে।
তিনি আরও বলেন, ক্ষমতায় আসার পর থেকেই বিএনপি সরকার জ্বালানি, বিদ্যুৎসহ মৌলিক বিষয়গুলোতে জনগণের দুর্ভোগ বাড়িয়ে চলেছে।