উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে গুজবে কান না দেয়ার আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবনে সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।
প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে জানানো হয়, বৈঠকে বর্তমান পরিস্থিতিতে বেসামরিক প্রশাসনকে সহায়তায় সেনাবাহিনীর ভূমিকা নিয়ে আলোচনা হয়। আইন-শৃঙ্খলা রক্ষায় অব্যাহত অবদানের জন্য সেনাবাহিনীকে ধন্যবাদ জানান অধ্যাপক ইউনূস। তিনি বলেন, নির্বাচনের আগে আগামী মাসগুলোতে একটি স্পষ্টভাবে সংজ্ঞায়িত কমান্ড কাঠামো এবং সব বাহিনীর মধ্যে ঘনিষ্ঠ সমন্বয় জরুরি।
প্রধান উপদেষ্টা আরও বলেন, “ভোটার উপস্থিতি, নারী ও নতুন ভোটারদের অংশগ্রহণ, নিরাপত্তা ও সুরক্ষার প্রতি আন্তর্জাতিক আস্থা—এসবই গণতন্ত্র ও আইনের শাসন উদযাপনের পরিবেশ তৈরি করবে। আমি জাতির কাছে এ প্রতিশ্রুতি দিয়েছি।”
জেনারেল ওয়াকার-উজ-জামান বৈঠকে অন্তর্বর্তী সরকারের সঙ্গে সেনাবাহিনীর পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন। তিনি প্রধান উপদেষ্টাকে অবহিত করেন যে, সরকারের সব উদ্যোগ ও কর্মসূচি সফল করতে সমগ্র সেনাবাহিনী বদ্ধপরিকর। এ সময় তিনি বিশেষভাবে আহ্বান জানান, চারদিকে ছড়িয়ে পড়া গুজবে কান না দিতে এবং তথ্য যাচাই করে সিদ্ধান্ত নিতে।
সেনাপ্রধানের সঙ্গে এই বৈঠককে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক অঙ্গন। নির্বাচন ঘিরে আস্থার সংকট দূর করতে সেনাবাহিনী ও বেসামরিক প্রশাসনের সমন্বয় কতটা দৃঢ়ভাবে কাজ করবে, তা এখন সবার নজরে।