জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য তরুণদের সামরিকভাবে প্রশিক্ষিত করে জাতীয় প্রতিরক্ষার অংশীদার করতে হবে। তিনি জোর দিয়ে বলেন, তরুণদের সবসময়ের জন্য প্রস্তুত রাখতে হবে, যাতে তারা দেশের গণপ্রতিরক্ষায় সরাসরি ভূমিকা রাখতে পারে।
মঙ্গলবার (১২ আগস্ট) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে (কেআইবি) জাতীয় যুবশক্তি আয়োজিত “জাতীয় যুব সম্মেলন ২০২৫”-এ এসব কথা বলেন নাহিদ ইসলাম।
তিনি বলেন, গণঅভ্যুত্থানের পরও বাংলাদেশের তরুণদের ভেতরে যে শক্তি ও উদ্দীপনা বিদ্যমান, তা রাষ্ট্র কতটুকু কাজে লাগাবে এবং আমরা নিজেরা কতটুকু কাজে লাগাতে পারব—এখন সেই সিদ্ধান্ত নেওয়ার সময়। দেশের তরুণদের প্রতি ও জনগণের প্রতি যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, ইনশাআল্লাহ তা পালন করা হবে।
নাহিদ ইসলাম আরও উল্লেখ করেন, সারাদেশে জাতীয় যুবশক্তির যে আলোড়ন সৃষ্টি হয়েছে, তা জুলাই পদযাত্রায় স্পষ্ট হয়েছে। প্রায় প্রতিটি জেলায় জাতীয় যুবশক্তির সংগঠকরা সহযোগিতা করেছেন এবং তরুণদের এই কর্মসূচিতে সম্পৃক্ত করেছেন।