জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী বলেছেন, ছোটবেলায় তিনি কওমি মাদ্রাসায় পড়েছেন এবং ইসলামী ছাত্রশিবির, ইসলামী ছাত্র আন্দোলন ও তাবলিগের সঙ্গে যুক্ত ছিলেন।
বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব ও দক্ষিণ চত্বরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত মাসব্যাপী আন্তর্জাতিক ইসলামি বইমেলা পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
নাসিরুদ্দিন পাটোয়ারী বলেন, ছোটবেলায় তিনি ‘কিশোর কণ্ঠ’, ‘ছাত্র সংবাদ’, ‘ইউথ ওয়েভ’ ও ‘পার্সপেক্টিভ’সহ বিভিন্ন প্রকাশনা পড়েছেন।
এ সময় এক সাংবাদিক জানতে চান, তিনি ছোটবেলায় ছাত্রশিবিরের সঙ্গে যুক্ত ছিলেন কি না। জবাবে নাসিরুদ্দিন পাটোয়ারী বলেন, “আমি ছোটবেলায় কওমি মাদ্রাসায় পড়েছি। এরপর শিবিরও করেছি। ইসলামী ছাত্র আন্দোলন, যেটা চরমোনাই হুজুরের সংগঠন, সেটাও করেছি। তাবলিগও করেছি।”
তিনি আরও বলেন, বর্তমানে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন নিজেদের মতো করে কাজ করছে। জনগণের আস্থা ও সমর্থন যে সংগঠন বেশি অর্জন করতে পারবে, তারাই রাজনৈতিকভাবে এগিয়ে যাবে।
ইসলামী ছাত্র আন্দোলন, ইসলামী ছাত্রশিবির ও তাবলিগ প্রসঙ্গে নাসিরুদ্দিন পাটোয়ারী বলেন, তার দৃষ্টিতে এসব সংগঠনের কর্মীরা ধর্মীয় বিশ্বাস থেকে আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করে থাকেন।