রাজধানীর মিরপুরে বড় ধরনের উচ্ছেদ অভিযান চালানোর আগে স্থানীয় সংসদ সদস্যদের সম্পৃক্ত করা হলে বিষয়টির শান্তিপূর্ণ সমাধান সম্ভব হতো বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
বুধবার (৩০ সেপ্টেম্বর) মিরপুরে উচ্ছেদ অভিযানস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, সংশ্লিষ্ট এলাকার জনপ্রতিনিধিদের আগে থেকে যুক্ত করা হলে জনগণের সমর্থন ও সহযোগিতা পাওয়া যেত এবং বিশৃঙ্খলাও এড়ানো সম্ভব হতো।
শফিকুর রহমান বলেন, রাস্তা ও ফুটপাত সাধারণ মানুষের চলাচলের জন্য দখলমুক্ত থাকা প্রয়োজন। তবে ক্ষুদ্র ও ভাসমান ব্যবসায়ীদের জীবিকার বিষয়টিও বিবেচনায় নিয়ে তাদের জন্য বিকল্প ও উপযুক্ত জায়গার ব্যবস্থা করতে হবে। তিনি বলেন, এমন ব্যবস্থা করতে হবে যাতে তারা সম্মানের সঙ্গে ব্যবসা করতে পারেন এবং চাঁদাবাজির শিকার না হন।
উচ্ছেদ অভিযান চলাকালে সরকারি যানবাহনে হামলা ও অগ্নিসংযোগেরও সমালোচনা করেন তিনি। পাশাপাশি আহতদের প্রতি সমবেদনা জানিয়ে সবাইকে শান্ত থাকার আহ্বান জানান।
শফিকুর রহমান আরও বলেন, প্রশাসনের একার পক্ষে সব সমস্যার সমাধান সম্ভব নয়; জনগণের সহযোগিতাও প্রয়োজন। একই সঙ্গে চাঁদাবাজি, দখলদারি, দুর্নীতি ও মাদক ব্যবসার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।