রাবি প্রতিনিধি,এম এ আতিকুর রহমান
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মেডিকেল সেন্টারের চিকিৎসাসেবা উন্নয়নের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে একটি অ্যাম্বুলেন্স হস্তান্তর করেছে রাবি শাখা ছাত্রশিবির। শিক্ষার্থীদের জন্য উপহার হিসেবে অ্যাম্বুলেন্সটি দেওয়া হয়েছে।
আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রের প্রধান চিকিৎসক ডা. মাফরূহা সিদ্দিকা লিপির কাছে অ্যাম্বুলেন্সটি হস্তান্তর করেন রাবি ছাত্রশিবিরের নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আব্দুল আলীম, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. মামুনুর রশীদ, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. এএইচএম খুরশীদ আলম, রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদ, রাবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদ ফয়সাল, সেক্রেটারি হাফেজ মেহেদী হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় ছাত্রশিবিরের নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে পরিপূর্ণ চিকিৎসাসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে চিকিৎসা কেন্দ্রটিকে একটি পূর্ণাঙ্গ মেডিকেলে রূপান্তরের দাবি জানান তাঁরা।
অ্যাম্বুলেন্সটির মাধ্যমে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জরুরি প্রয়োজনে দ্রুত চিকিৎসাসেবা পাবেন বলে আশা প্রকাশ করেন ছাত্রশিবিরের নেতৃবৃন্দ।