অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, শেখ হাসিনার বিচারের রায় হলেও তাঁকে দেশে ফিরিয়ে আনা সম্ভব নাও হতে পারে।
মঙ্গলবার (৫ আগস্ট) রাজধানীর কারওয়ান বাজারে আয়োজিত ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
আসিফ নজরুল বলেন, “আমরা জানি, প্রধান যে আসামি আছে, প্রধান অপরাধী আছে, আমার ধারণা, আমি জানি না এভাবে বলাটা ঠিক হচ্ছে কি না, তাঁর শেষ দিন ভারতেই কাটবে। তাঁকে বোধ হয় আমরা কখনো পাব না।”
তিনি আরও বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে দেশের মানুষের মধ্যে যে তীব্র ঘৃণা তৈরি হয়েছে, সেটাও একধরনের ঐতিহাসিক প্রতিশোধ। “বাংলাদেশের মানুষের মনে যে ঘৃণা নিয়ে সে বেঁচে থাকবে, সেটাও যদি আমাদের অর্জন হয়, সেটাও কম নয়।”
আইন উপদেষ্টা বলেন, পুলিশের ভয়াবহ আচরণের জন্য সরাসরি শেখ হাসিনাকে দায়ী করতে হবে। তিনি বলেন, “পুলিশকে যে এ রকম একটা অমানুষ, বেপরোয়া, ভয়াবহ বাহিনীতে রূপান্তর করেছে, সে কত বড় অমানুষ।
কোনো একটা পুলিশ বাহিনী, সম্ভবত ইসরায়েলিরা প্যালেস্টাইনের মানুষকে বোধ হয় এভাবে মারে। আমাদের পুলিশ বাহিনীকে সে ইসরায়েলি বাহিনীর মতো করে গড়ে তুলেছে।”
আসিফ নজরুলের বক্তব্যে উঠে আসে গণ-অভ্যুত্থানের পরবর্তী সময়ে ন্যায়বিচার ও প্রশাসনিক সংস্কারের প্রয়োজনীয়তা। তিনি বলেন, জনগণের ক্ষোভ ও ক্রোধই পরিবর্তনের শক্তি। “এই ঘৃণা থেকে, ক্ষোভ থেকে, ক্রোধ থেকে আশা আছে, সংস্কারের মাধ্যমে এ রকম শাসক যেন এ দেশে আর তৈরি না হয়।”