ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ‘কিংস পার্টি’ হিসেবে অভিহিত করা গোপন কোনো তথ্য নয়। বরং এটি বাস্তবতা, যা সরকার ও এনসিপি—উভয়ের জন্যই বিব্রতকর।
সোমবার (৪ আগস্ট) ধানমন্ডিতে টিআইবির প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
“এটি গোপন করার কিছু নয়। এনসিপিকে কিংস পার্টি বলা হয়েছে। তাদের সঙ্গে থাকা দুইজন বর্তমানে সরকারের অংশ। এ কারণেই ‘সহচর পার্টি’ হিসেবেও অনেকে অভিহিত করছেন,” বলেন ইফতেখারুজ্জামান।
তিনি আরও বলেন, “এই পরিস্থিতি নিশ্চয়ই সরকারের জন্য যেমন বিব্রতকর, তেমনি যারা ‘কিংস পার্টি’ বলে পরিচিত হচ্ছেন, তাদের জন্যও।”
টিআইবির ‘কর্তৃত্ববাদী সরকার পতন-পরবর্তী এক বছর : প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক গবেষণা প্রতিবেদনের আলোকে আয়োজিত এই সংবাদ সম্মেলনে ড. ইফতেখারুজ্জামান নির্বাচনী সময়সীমা নিয়েও মন্তব্য করেন। তিনি বলেন,
“নির্বাচনের একটি সম্ভাব্য টাইমলাইন তৈরি হয়েছে—ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে বলে আমরা ধরে নিচ্ছি। আশা করি, সেই পরিকল্পনা বাস্তবায়নের দিকে দেশ এগিয়ে যাবে।”
তবে তিনি অস্থিরতা ও রাজনৈতিক অনিশ্চয়তার আশঙ্কাও প্রকাশ করেন। বলেন, “পথটা খুব মসৃণ নয়। এর মধ্যে রাজনৈতিক টানাপোড়েন ও অস্থিরতা সৃষ্টি হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। তবে আমি বিশ্বাস করি, আমরা নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি—এ নিয়ে কোনো সন্দেহ নেই।”