১৪ দিনের সাংগঠনিক ও দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর)।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশে যাত্রা করেন তিনি।
এ সময় বিমানবন্দরে তাকে বিদায় জানাতে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমানসহ দলটির কেন্দ্রীয় ও শীর্ষপর্যায়ের নেতারা।
দলটির সহকারী মহাসচিব ও প্রচার বিভাগীয় প্রধান শেখ ফজলুল করীম মারুফের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৪ দিনের এই সফরে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে ধারাবাহিক মতবিনিময় সভায় অংশ নেবেন চরমোনাই পীর। এ ছাড়া বিভিন্ন মসজিদ ও মুসলিম কমিউনিটির উদ্যোগে আয়োজিত ধর্মীয় ও দাওয়াতি সমাবেশে বক্তব্য রাখবেন তিনি।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সফরকালে প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী এবং আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার নেতাদের সঙ্গেও সমসাময়িক নানা বিষয়ে মতবিনিময় করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির।