একাত্তরের মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আওয়ামী লীগের সাবেক নেতা মোবারক হোসেনকে খালাস দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত।
বুধবার (৩০ জুলাই) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চ এই রায় ঘোষণা করেন।
এর আগে ২০১৪ সালের ২৪ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ মোবারক হোসেনকে মৃত্যুদণ্ড দেন। বিচারপতি এম. ইনায়েতুর রহিম, বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি আনোয়ারুল হকের সমন্বয়ে গঠিত ট্রাইব্যুনাল রায়ে বলেন, মোবারক হোসেন ব্রাহ্মণবাড়িয়ার রাজাকার বাহিনীর সক্রিয় সদস্য ছিলেন এবং তার বিরুদ্ধে আনা পাঁচটি অভিযোগের মধ্যে দুটি প্রমাণিত হয়েছে।
এর মধ্যে একটি অভিযোগে তাকে মৃত্যুদণ্ড এবং আরেকটিতে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল।
এই রায়ের বিরুদ্ধে মোবারক হোসেন আপিল করেন। আপিল বিভাগে চলতি বছরের ৮ জুলাই থেকে শুনানি শুরু হয়। দীর্ঘ শুনানি শেষে সর্বোচ্চ আদালত বুধবার তাকে সকল অভিযোগ থেকে খালাস দেন।
মোবারক হোসেন একসময় আওয়ামী লীগের সক্রিয় নেতা ছিলেন এবং ব্রাহ্মণবাড়িয়া-১ আসন থেকে সংসদ সদস্যও নির্বাচিত হন। তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ ওঠার পর দলের পক্ষ থেকে তাকে বহিষ্কার করা হয়।
এই খালাসের রায় নিয়ে দেশজুড়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে যুদ্ধাপরাধ ইস্যুতে এতবড় একটি পরিবর্তনকে অনেকে বিচারব্যবস্থার স্বাধীনতার দৃষ্টান্ত হিসেবে দেখলেও, ভুক্তভোগী পরিবার ও মানবাধিকার কর্মীদের একটি অংশ এ রায় নিয়ে হতাশা প্রকাশ করেছে।
আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর বিস্তারিত প্রতিক্রিয়া জানা যাবে।