মোঃআতেফ ভূঁইয়া গাজীপুর সদর প্রতিনিধি:
গাজীপুর মহানগরীর গাছায় স্বর্ণ ব্যবসায়ী মো. আবুল কালাম আজাদকে গলা কেটে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. নাছির উদ্দিন (৩২) ও মো. সুজন মিয়া (২৭)।
মঙ্গলবার গাজীপুর মহানগর পুলিশের উপ-কমিশনার (অপরাধ দক্ষিণ) এস এম শফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গ্রেপ্তার নাছির উদ্দিনের বাড়ি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দেওলাবাড়ী ইউনিয়নের চৈটট এলাকায়। তিনি ঘাটাইলের সন্ধানপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। অপর আসামি সুজন মিয়ার বাড়ি টাঙ্গাইলের মধুপুর উপজেলার জলছত্র এলাকায়।
পুলিশের দাবি, আসামিদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ১৭টি রুপার আংটি ও একটি স্মার্টফোনসহ বেশ কিছু মালামাল উদ্ধার করা হয়েছে।
উপ-কমিশনার এস এম শফিকুল ইসলাম বলেন, গত ২৩ আগস্ট রাতে গাছা থানার স্বর্ণ ব্যবসায়ী আবুল কালাম আজাদকে দুর্বৃত্তরা গলা কেটে হত্যা করে তাঁর মালামাল নিয়ে যায়। এ ঘটনায় ২৪ আগস্ট গাছা থানায় মামলা দায়ের করা হয়।
তিনি জানান, গত ৬ সেপ্টেম্বর টাঙ্গাইলের ঘাটাইল থেকে নাছির উদ্দিন এবং মধুপুর থেকে সুজন মিয়াকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করে জব্দ করা হয়।
পুলিশ আরও জানায়, গত ৭ সেপ্টেম্বর গ্রেপ্তার দুজনকে আদালতে হাজির করা হলে তারা স্বেচ্ছায় দোষ স্বীকার করে জবানবন্দি দেন।
হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত অন্য কেউ রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।