মুন্সীগঞ্জ প্রতিনিধি
সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী বৃদ্ধির লক্ষ্যে মুন্সীগঞ্জে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় মুন্সীগঞ্জ সদর উপজেলা অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. সাজেদা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার মো. বিল্লাল হোসেন পিপিএম, সদর উপজেলা নির্বাহী অফিসার গোলাম মোস্তফা, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. সাইফুল ইসলাম, মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আতিকুর রহমান টিপু, সাধারণ সম্পাদক মো. গোলজার হোসেনসহ ধর্মীয় নেতৃবৃন্দ ও হজযাত্রীরা।
সভায় বক্তারা সরকারি ব্যবস্থাপনায় হজ পালনের সুযোগ-সুবিধা, নিরাপদ ও সুশৃঙ্খল হজ ব্যবস্থাপনা এবং হজযাত্রীদের জন্য সরকারি ব্যবস্থাপনার বিভিন্ন সুবিধা তুলে ধরেন। পাশাপাশি সরকারি ব্যবস্থাপনায় হজ পালনে মানুষের আগ্রহ বাড়াতে ব্যাপক প্রচার-প্রচারণার ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা বলেন, হজযাত্রীদের সঠিক তথ্য প্রদান এবং হজ পালনের প্রক্রিয়া সম্পর্কে আগাম সচেতনতা সৃষ্টি করা জরুরি। একই সঙ্গে সরকারি ব্যবস্থাপনার প্রতি মানুষের আস্থা বাড়াতে সংশ্লিষ্ট সবাইকে কার্যকর ভূমিকা পালন করতে হবে।
সভায় যোগ্য ও আগ্রহী ব্যক্তিদের সরকারি ব্যবস্থাপনায় হজ পালনে উৎসাহিত করতে ধর্মীয় নেতা, সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় পর্যায়ের প্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।